সব মতপার্থক্যই দূর করা সম্ভব হতে পারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইরানি প্রেসিডেন্ট হাসান রুহানি
ইরানি প্রেসিডেন্ট হাসান রুহানি

সুইজারল্যান্ডে ইরানের সঙ্গে ছয় জাতির পারমাণবিক আলোচনায় অগ্রগতির ইঙ্গিত পাওয়া গেছে। এখনো বিদ্যমান মতপার্থক্যগুলো দূর করতে কয়েক দিন বিরতির পর বুধবারই আবার আলোচনা শুরু হবে। এমন প্রেক্ষাপটে ইরানি প্রেসিডেন্ট গতকাল শনিবার বলেছেন, আলোচনায় এই অগ্রগতির অর্থ, বিদ্যমান সব মতপার্থক্যই দূর করা যেতে পারে; হতে পারে একটি চূড়ান্ত চুক্তি।
এদিকে ছয় বিশ্বশক্তির অন্যতম ফ্রান্স চুক্তি প্রশ্নে অত্যন্ত কঠোর অবস্থান নিয়েছে। গতকাল দেশটির পররাষ্ট্রমন্ত্রী লরাঁ ফাবিয়াস বলেছেন, ইরান কোনো পারমাণবিক বোমা না বানানোর শক্ত প্রতিশ্রুতি দিলেই কেবল চুক্তি হবে। খবর এএফপি, বিবিসি ও রয়টার্সের।
আগামী বুধবার পর্যন্ত আলোচনা বন্ধ থাকার অর্থ, আগের সিদ্ধান্ত মেনে একটি পারমাণবিক চুক্তির রূপরেখা নিয়ে মতৈক্যে পৌঁছাতে ইরান ও ছয় জাতি মাত্র এক সপ্তাহ সময় পাচ্ছে। কারণ, পাশ্চাত্যের সঙ্গে তেহরানের ১২ বছর ধরে চলে আসা অচলাবস্থা নিরসনে ৩১ মার্চের মধ্যে ওই রূপরেখা তৈরির কথা রয়েছে। ছয় বিশ্বশক্তির মধ্যে রয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্য ও জার্মানি।
মূলত ইরানি প্রেসিডেন্ট হাসান রুহানির মা মারা যাওয়ার কারণেই শুক্রবার আলোচনা স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন কূটনীতিকেরা।
প্রেসিডেন্ট রুহানির উদ্ধৃতি দিয়ে গতকাল ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়, ‘একটি চুক্তিতে উপনীত হওয়া সম্ভব। এমন কিছু নেই, যার সমাধান করা সম্ভব নয়।’ রুহানি আরও বলেছেন, ইরানে এমন কেউ নেই যে পারমাণবিক বিষয়ে সমাধান চায় না।
গত শুক্রবার আলোচনা স্থগিত হওয়ার পর ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘাচি বলেন, ‘এখন পর্যন্ত যা অবস্থা, তাতে আরও আলোচনা ও সমন্বয় করার দরকার রয়েছে।’
ইরানের প্রেসিডেন্ট আশাবাদের কথা শোনালেও দেশটির সর্বোচ্চ ক্ষমতার অধিকারী আধ্যাত্মিক নেতা আয়াতুল্লাহ আলী খামেনি যুক্তরাষ্ট্রের সমালোচনা করে গতকাল বলেছেন, ইরানকে ইসলামি শাসনের বিরুদ্ধে দাঁড় করাতে অর্থনৈতিক চাপকে ব্যবহার করছে। এক ভাষণে তিনি জোর দিয়ে বলেন, ইরান বিশ্বশক্তির সঙ্গে আলোচনা করছে শুধু পারমাণবিক বিষয়ে বিরোধ নিয়ে, আঞ্চলিক সংকট এর মধ্যে থাকবে না। দৃশ্যত তিনি ইরাক, সিরিয়া ও পারস্য উপসাগরীয় অঞ্চলের চলমান অস্থিতিশীলতার দিকে ইঙ্গিত করেছেন। পাশ্চাত্যকে তেলের দাম অর্ধেকের নিচে নামিয়ে আনার দায়েও অভিযুক্ত করেন খামেনি।
পাঁচ দিনের ‘জোরদার আলোচনার’ পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি গতকাল শনিবার সুইজারল্যান্ড ছেড়েছেন। সেখান থেকে লন্ডনে গিয়ে তাঁর ব্রিটিশ, ফরাসি ও জার্মান পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করার কথা রয়েছে। শুক্রবার কেরি ফোনে রাশিয়া ও চীনের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে কথা বলেন। পারমাণবিকবিষয়ক সংলাপে চীন ও রাশিয়ার ভূমিকাকে খুবই গুরুত্বপূর্ণ মনে করা হয়।
এর আগে কয়েকজন মার্কিন ও ইরানি কর্মকর্তা বলেছেন, তাঁরা এমন একটি চুক্তির খসড়া নিয়ে কাজ করছেন, যেখানে ইরানিরা যেসব উপকরণ পারমাণবিক বোমা তৈরির জন্য ব্যবহার করা যায়, তার ৪০ শতাংশই কমানোর প্রতিশ্রুতি দেবে। এর বিনিময়ে তেহরানের ওপর থেকে বেশ কিছু অবরোধ তুলে নেওয়া হবে।