সব হারিয়েছে শেরপারা
ভূমিকম্প আঘাত হানার দিন প্রাণভয়ে দৌড়ে পালিয়েছিলেন আপা শেরপা। ভূমিকম্পের ভয় শেষ। আপার ভয় এখন ভবিষ্যৎ নিয়ে। ভূমিকম্পের পর তাদের পেশাটাই পড়ে গেছে হুমকির মুখে। খবর এএফপির।
শেরপারা তিব্বতি বংশোদ্ভূত। পর্বত আরোহণে এই সম্প্রদায়ের পরিচিতি এখন বিশ্বব্যাপী। তারা পর্বত আরোহীদের বিশ্বস্ত সহায়তাকারী। তবে তাদের পেশার ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন আপা বলছিলেন, ‘আমাদের এখানকার সবাই হতাশ। আমরা সবকিছুই হারিয়ে ফেলেছি।’ এভারেস্টের দুর্গম অঞ্চলের শেরপা অধ্যুষিত গ্রাম থেকে ফোনে আপা শেরপার উদ্বিগ্ন কণ্ঠ ভেসে আসছিল।
আপার গ্রামে ৫০টি পরিবারের বাস। সেখানকার সবাই পর্বত আরোহণের সহায়তাকারী। এদের অনেকেরই খ্যাতি বিশ্বজোড়া। এর মধ্যে আপা শেরপা ২১ বার এভারেস্টের চূড়ায় উঠে বিশ্ব রেকর্ড স্থাপন করেছেন।
ভূমিকম্পের দুই দিন পর ৫৫ বছর বয়সী আপা গ্রামে ফিরেছিলেন। দেখেন, পুরো গ্রামটিই তছনছ হয়ে গেছে। ঘরহারা মানুষ আশ্রয় নিয়েছে তাঁবুতে। ‘সুপার শেরপা’ নামে পরিচিত আপা বলছিলেন, ‘আমাদের গ্রাম ধ্বংস হয়ে গেছে। মানুষজন তাদের কাজ হারিয়েছে। কয়েক দিনের মধ্যেই ব্যাপক হারে ঠান্ডা পড়তে শুরু করবে। সেই সঙ্গে থাকবে ঝোড়ো বাতাস। এই তাঁবুতে কেমন করে বাঁচব আমরা?’
এবার ভূমিকম্পের সময় তুষারঝড়ে ১৮ জনের মৃত্যুর পর আরোহণ কোম্পানিগুলো তাদের কর্মকাণ্ড বন্ধ করে দেয়। গত বছরও তুষারঝড়ে ১৬ নেপালি শেরপার মৃত্যু হয়। ভূমিকম্পের ফলে ক্ষতি এবং এরপর পর্বতারোহণ বন্ধ হয়ে যাওয়া, মড়ার উপর খাঁড়ার ঘায়ের মতো, বলছিলেন আপা।
মার্কিন পর্বতারোহী ডেভিড মরটন বলেন, এ বছরের ভূমিকম্পের পর আগামী বছর বিদেশিরা আর পর্বত আরোহণে আগ্রহী হবে না। ভয়েই তারা আসবে না।
আর এর ফলে শেরপা সম্প্রদায় যে বিপদে পড়বে তা খুবই স্পষ্ট। তবে এ অবস্থা একসময় কাটিয়ে উঠবে পরিশ্রমী ও সাহসী এই সম্প্রদায়ের মানুষ, মরটন এমনটাই মনে করেন।