বাজারে গিয়ে কেজিখানেক আলু কিনলে দোকানি আপনার ব্যাগে অনেকগুলো আলু ভরে দেবেন। তবে দোকানি যদি আপনাকে কয়েক কেজি
ওজনের একটি আলু ধরিয়ে দেন, তাহলে কেমন হবে ভাবুন একবার! কিংবা একবার ভাবুন, একটি আলুর সর্বোচ্চ ওজন কত হতে পারে? ২০০ গ্রাম, ৩০০ গ্রাম কিংবা খুব বেশি হলে আধা কেজি। কিন্তু প্রায় ৮ কেজি ওজনের একটি আলু ফলিয়ে শোরগোল ফেলে দিয়েছেন নিউজিল্যান্ডের এক কৃষক দম্পতি। তাঁদের দাবি, বিশ্বের সবচেয়ে বড় আলু এটি।
মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট গতকাল বৃহস্পতিবার এক প্রতিবেদনে জানিয়েছে, নিউজিল্যান্ডের হ্যামিলটনের ওই কৃষক দম্পতি কলিন ও ডোনা ক্রেইগ–ব্রাউন গত ৩০ আগস্ট নিজেদের ছোট্ট খামারে কাজ করছিলেন। মাটি খুঁড়ে সবজি তুলছিলেন তাঁরা। হঠাৎই কলিনের হাতে থাকা কোদালের ডগায় বড় কিছু বাধে। মাটি খুঁড়ে ওই বস্তু তোলার পর দেখা যায়, সেটি বড় আকারের একটি আলু।
দেখতে কদাকার হলেও আলুটির বিশেষত্ব এর ওজন। ডোনা বলেন, ‘আমরা শুরুতে বিশ্বাসই করতে পারিনি। এটা দেখতে আঁকাবাঁকা, কদাকার হলেও এর আকার বিশাল। খামারের গ্যারেজে এনে মেপে দেখি, আলুটির ওজন ৭ দশমিক ৯ কেজি। পরে সেটির ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিই।’
কলিন ও ডোনা ক্রেইগ–ব্রাউন দম্পতির দাবি, তাঁদের খেত থেকে তোলা এই আলু বিশ্বের সবচেয়ে বড় আলুর স্বীকৃতি পেতে পারে। কেননা গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত সবচেয়ে বড় আলুটির ওজন ৫ কেজির কম। ২০১১ সালে যুক্তরাজ্যে বিশাল আকারের ওই আলুর সন্ধান পাওয়া যায়। এর তুলনায় নিউজিল্যান্ডে পাওয়া আলুটির ওজন প্রায় তিন কেজি বেশি।
নিজেদের খেত থেকে তোলা বড় আকারের আলুটির সর্বোচ্চ ওজনের স্বীকৃতি পেতে গিনেস কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিক আবেদন করেছেন নিউজিল্যান্ডের ওই দম্পতি। তবে গিনেস কর্তৃপক্ষ এখনো এই বিষয়ে সিদ্ধান্ত জানায়নি। তবে আশায় আছেন ওই কৃষক দম্পতি।