সবার দৃষ্টি এখন সিরিয়ায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরিয়ার হোমস শহরে গাড়িবোমা হামলায় আহতদের চিকিৎ​সা​র জন্য নিয়ে যাওয়া হচ্ছে। ছবিটি সম্প্রতি তোলা। ছবি: এএফপি
সিরিয়ার হোমস শহরে গাড়িবোমা হামলায় আহতদের চিকিৎ​সা​র জন্য নিয়ে যাওয়া হচ্ছে। ছবিটি সম্প্রতি তোলা। ছবি: এএফপি

যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যস্থতায় সিরিয়ায় যুদ্ধবিরতি আজ ২৭ ফেব্রুয়ারি শনিবার থেকে কার্যকর হয়েছে। ওই যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কয়েক ঘণ্টা আগে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা রাশিয়া ও সিরিয়াকে সতর্ক করে বলেন, ‘বিশ্ব ওই যুদ্ধবিরতি পর্যবেক্ষণ করবে।’ তিনি বলেন, ‘আগামী দিনগুলো হবে সংকটময়।’ 

২০১১ সালের মার্চে সিরিয়ায় প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরোধিতা করা বিদ্রোহীদের সঙ্গে সংঘাত শুরু হয়। পরে তা গৃহযুদ্ধে রূপ নেয়। দেশটিতে কয়েক বছর ধরে চলা যুদ্ধে আড়াই লাখের বেশি মানুষ নিহত হয়েছে। গৃহযুদ্ধে দেশটির প্রায় এক কোটি ১০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। তাদের মধ্যে অন্তত ৪০ লাখ মানুষ অন্য দেশে পালিয়ে গেছে। সিরিয়া সরকার আগামী ১৩ এপ্রিল দেশটিতে পার্লামেন্ট নির্বাচন ডেকেছে। ২০১২ সালে সবশেষ পার্লামেন্ট নির্বাচন হয়। বর্তমান পরিস্থিতিতে এই নির্বাচন কতটা নিরপক্ষে ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, তা দেখার জন্য সিরিয়ার দিকে তাকিয়ে আছে বিশ্ব।

এএফপির খবরে জানানো হয়, মস্কো ও ওয়াশিংটনের মধ্যস্থতায় সিরিয়া সরকার ও বিদ্রোহীরা শর্তসাপেক্ষে যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হয়েছে। ইসলামিক স্টেট (আইএস) বা আল-নুসরার মতো ‘সন্ত্রাসী’ সংগঠন এই যুদ্ধবিরতির মধ্যে পড়বে না। তবে এর আগে বিভিন্ন সময় করা চুক্তিগুলো কার্যকর না হওয়ায় এই চুক্তির যথাযথ বাস্তবায়ন নিয়ে অনেকে সংশয় প্রকাশ করেছেন। সে দেশে হামলা বা সংঘাত একেবারে যে বন্ধ হবে, তা নয়।
২০১৪ সালে সিরিয়া ও ইরাকের বিশাল অংশ দখল করে নেওয়া আইএস, নুসরা ফ্রন্টসহ জাতিসংঘের তালিকায় থাকা অন্য সন্ত্রাসী সংগঠনগুলোর বিরুদ্ধে বিমান হামলা চালাবে রাশিয়া ও যুক্তরাষ্ট্র।
‘নির্দিষ্ট’ ওই সশস্ত্র সংগঠনগুলোর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়া হবে জানিয়ে ওবামা বলেন, মার্কিন নেতৃত্বাধীন জোট আইএসের বিরুদ্ধে লড়াইয়ে জয়ী হবে। তিনি বলেন, তিনি কোনো ‘ভ্রমের মধ্যে নেই’। তবে তিনি বলেন, যুদ্ধবিরতির একটি ‘বিশৃঙ্খলা আনার শেষ ও সম্ভাব্য শেষ পদক্ষেপ’।
ওবামা বলেন, ‘সিরিয়ার বর্তমান শাসক, রাশিয়া এবং তাদের মিত্ররা প্রতিশ্রুতি পালন করবে কি না, অনেক কিছুই তার ওপর নির্ভর করছে।’
এদিকে যুদ্ধবিরতি বাস্তবায়নে ‘যা করা প্রয়োজন, তাই করবেন’ বলে জানিয়েছেন রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

সম্ভাব্য ক্ষতিকর দিক
সিরিয়ার গৃহযুদ্ধ নিয়ে রাশিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্র পরস্পর বিরোধী অবস্থানে রয়েছে। যুক্তরাষ্ট্র আসাদের বিপক্ষে থাকা বিদ্রোহীদের এবং রাশিয়া আসাদকে সমর্থন দিয়ে যাচ্ছে। এই দুই ক্ষমতাধর দেশ অস্ত্রবিরতিতে মনোযোগ দেওয়ার ও সমস্যা সমাধানের আভাস দিয়েছে। ওবামা গতকাল বৃহস্পতিবার বলেন, আসাদের পদত্যাগ করা উচিত, এতেই একটি দীর্ঘস্থায়ী শান্তির পথ পাওয়া যাবে।
ইরান সিরিয়ার শাসক গোষ্ঠীর সমর্থক। তারাও যুদ্ধবিরতির পক্ষে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি সম্প্রতি বলেন, সিরিয়া থেকে তেহরান তার অভিজাত রেভুলিউশনারী গার্ড বাহিনীর ‘উল্লেখযোগ্য সংখ্যক’ সদস্য প্রত্যাহার করে নিয়েছে।
তুরস্ক সিরিয়ার কুর্দিদের সম্ভাব্য ক্ষতিকর পক্ষ বলে মনে করে। তুরস্কের প্রধানমন্ত্রী আহমেদ দাভুতোগলু গত বৃহস্পতিবার বলেন, জাতীয় নিরাপত্তা হুমকির সম্মুখীন হলে আঙ্কারা যুদ্ধবিরতি মানতে বাধ্য নয়। দাভুতোগলু বলেন, ‘যুদ্ধবিরতি সিরিয়ার জন্য বৈধ। কিন্তু যখন তুরস্কের নিরাপত্তার প্রশ্ন সামনে আসবে, তখন যুদ্ধবিরতির আমাদের জন্য বাধ্যতামূলক নয়।’
সিরিয়ার উত্তরাঞ্চলের কুর্দি বাহিনীর দিক থেকে আসা গুলিবর্ষণের জবাবে তুর্কি সেনারা ওই এলাকা বন্ধ করে দিয়েছে।
তুর্কিদের বিরুদ্ধে গত এক দশক ধরে বিদ্রোহ চালিয়ে আসছে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেকে)। পিপলস প্রোটেকশন ইউনিট (ওয়াইপিজি) নামের একটি নাগরিক সংগঠনের সঙ্গে আঙ্কারার যোগাযোগ বন্ধ রয়েছে। ওয়াইপিজির একজন মুখপাত্র গত বৃহস্পতিবার বলেন, কুর্দি বাহিনী যুদ্ধবিরতি সম্মান করে। যদি আক্রান্ত হই, আবার যুদ্ধ শুরু হবে।

ত্রাণ সহায়তার প্রত্যাশা
যুদ্ধবিরতির সময়সীমা এগিয়ে আসায় সিরিয়ায় জাতিসংঘের সহায়তা বৃদ্ধি হবে বলে আশা করা হচ্ছে। জাতিসংঘের বিশেষ দূত স্টেফান ডি মিসতুরার উপদেষ্টা জ্যান এগল্যান্ড বলেন, গত দুই সপ্তাহে সিরিয়ার ছয়টি এলাকায় ১৮০টি ট্রাক ভর্তি খাদ্য সহায়তা পৌঁছেছে। সিরিয়া জুড়ে ১৭টি এলাকায় আটকে থাকা মানুষের কাছে তারা শুধু খাদ্য সহায়তা পৌঁছে দিচ্ছেন। জ্যান এগল্যান্ড বলেন, সিরিয়ার আলেপ্পো, হোমস ও পূর্ব ঘউটো শহরসহ সংঘাতপূর্ণ এলাকাগুলোতে ত্রাণ পৌঁছানোর জন্য আবেদন করা হয়েছে। তিনি বলেন, ‘আশা করছি, আমরা ওই স্থানগুলোতে ত্রাণ সহায়তা পৌঁছাতে সক্ষম হব।’