সমঝোতার সরকার হচ্ছে মিয়ানমারে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অং সান সু চি l ছবি: এএফপি
অং সান সু চি l ছবি: এএফপি

মিয়ানমারের নির্বাচন কমিশন গতকাল শুক্রবার আনুষ্ঠানিকভাবে অং সান সু চির নেতৃত্বাধীন এনএলডিকে বিজয়ী ঘোষণা করেছে। এতে নির্বাচনের ফল নিয়ে গত পাঁচ দিন যে জল্পনা ও সংশয় ছিল, তা কেটে গেছে। এই ফলাফল এমন দিনে ঘোষণা করা হলো, যেদিন সু চির বন্দিদশা থেকে মুক্ত হওয়ার ঠিক পাঁচ বছর পূর্ণ হলো।
শুরু থেকে এনএলডির প্রার্থীরা জয়ী হতে থাকলেও ফল ঘোষণার ধীরগতিতে অনেকের মধ্যেই সংশয় দেখা দিয়েছিল যে শেষ পর্যন্ত সেনানিয়ন্ত্রিত সরকার ক্ষমতা ছাড়বে কি না। ১৯৯০ সালের নির্বাচনে এনএলডি বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেলেও সেনাবাহিনী সামরিক শাসন বহাল রাখে। বিরোধী দলের বিরুদ্ধে দেশবিরোধী তৎপরতার অভিযোগ এনে তারা হাজার হাজার নেতা-কর্মীকে জেলে পোরে। সু চিকে দেড় দশকেরও বেশি অন্তরীণ থাকতে হয়।
এসব কারণে এবার অং সান সু চি অত্যন্ত সজাগ ছিলেন এবং দলীয় নেতা-কর্মীদের কোনো রকম উল্লাস করতে নিষেধ করেন। অন্যদিকে সেনাবাহিনীর আচরণও অনেকটাই নমনীয়। ইয়াঙ্গুনসহ দেশের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা রক্ষায় সেনাসদস্যরা নিয়োজিত থাকলেও বাড়াবাড়ি কিংবা ভোটারদের নাজেহাল করার ঘটনা তেমন ঘটেনি।
সরকার গঠনের জন্য পার্লামেন্টের উভয় কক্ষ মিলে সু চির ‘ম্যাজিক সংখ্যা’ ৩৩৩। কিন্তু গতকাল রাতে এ প্রতিবেদন লেখা পর্যন্ত তাঁর দল ৩৭৮টি আসনে বিজয়ী হয়েছে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে। ক্ষমতাসীন ইউএসডিপি পেয়েছে মাত্র ৪০টি আসন। তখন পর্যন্ত ৮ শতাংশ আসনের ফল ঘোষণা বাকি ছিল।
এনএলডিকে বিজয়ী ঘোষণার পর এখন অং সান সু চির সামনে যে প্রশ্নটি এসেছে তা হলো, তিনি এককভাবে সরকার গঠন করবেন, না প্রতিদ্বন্দ্বী ইউএসডিপি ও সেনাবাহিনীর সঙ্গে মিলে সমঝোতার সরকার করবেন? নির্বাচনের আগে থেকে তিনি সমঝোতার সরকার গঠনের কথা বলে আসছিলেন। হয়তো এত বেশি সংখ্যক আসনে জিতবেন, তখন সেটি ভাবতে পারেননি।
গতকাল মিয়ানমারের কূটনৈতিক মহলের সঙ্গে যোগাযোগ করলে তাঁরা ইঙ্গিত দেন, নির্বাচনের ফলাফল সু চির অবস্থানকে শক্তিশালী করেছে, সন্দেহ নেই। কিন্তু সেনাবাহিনীর অবস্থানও নড়বড়ে ভাবার কারণ নেই। কেননা প্রশাসন ও সংসদ ছাড়াও ব্যবসা-বাণিজ্যের ওপর তাদের নিরঙ্কুশ নিয়ন্ত্রণ আছে। মিয়ানমারের পশ্চিমা সুহৃদরাও এই মুহূর্তে প্রেসিডেন্ট থেইন সেইনকে বাদ দিয়ে কিছু করার বিপক্ষে। তাঁরা মনে করেন, থেইন সেইন যে সংস্কার কর্মসূচি নিয়েছেন, তাকে পূর্ণতা দিতে তাঁর ও সেনাবাহিনীর সহায়তা প্রয়োজন হবে। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এবং জাতিসংঘ মহাসচিব বান কি মুন বিজয়ী নেত্রী অং সান সু চিকে ইতিমধ্যে অভিনন্দন জানানোর পাশাপাশি প্রেসিডেন্ট থেইন সেইনকেও সফল নির্বাচনের জন্য ধন্যবাদ দিয়েছেন।
সমঝোতার লক্ষ্যে দুই পক্ষেই তৎপরতা শুরু হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। অং সান সু চি নির্বাচনের ফলাফল প্রকাশের আগেই ৯ নভেম্বর প্রেসিডেন্ট থেইন সেইন, সেনাবাহিনীর প্রধান ও স্পিকারকে নিয়ে সংলাপে বসার আমন্ত্রণ জানান। তাঁরা তিনজন সেই আমন্ত্রণ গ্রহণ করেছেন এবং সু চিকে অভিনন্দন জানিয়েছেন। আগামী সপ্তাহেই এ আলোচনা হতে পারে। এদিকে প্রেসিডেন্ট থেইন সেইন আগামীকাল রোববার নির্বাচন-পরবর্তী পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য সব রাজনৈতিক দলের এক বৈঠক ডেকেছেন। প্রেসিডেন্টের অফিসের পরিচালক উ জাও হুতে বলেছেন, নির্বাচন-পরবর্তী পরিস্থিতিই আলোচনায় গুরুত্ব পাবে।
নির্বাচনের ফলাফল ঘোষণার পর এ বিষয়ে কোনো সংশয় থাকছে না যে, অং সান সু চিই ভবিষ্যৎ মিয়ানমারের চালকের আসনে বসবেন, সেটি নামে হোক বা বেনামে। নামে হলে সেনাবাহিনীর সাংবিধানিক ক্ষমতা বাতিল করে বিকল্প কোনো সমাধান খুঁজতে হবে। আর বেনামে হলে দলের এমন কেউ প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন, যিনি তাঁর কথার বাইরে যাবেন না। সু চির বক্তৃতা-বিবৃতিতে মনে হয় তিনি দুটো বিকল্পই খোলা রাখবেন। চ্যানেল নিউজ এশিয়াকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, সেনাবাহিনীর সাংবিধানিক ক্ষমতা বাতিল হতেই হবে। তবে বহুল প্রচারিত মার্কিন পত্রিকা ইউএসএ টুডের বিশ্লেষণে বলা হয়, মিয়ানমারের আগামী সরকারে সেনাবাহিনীরও গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে।
নির্বাচনী ফলাফল পর্যবেক্ষণ করতে গিয়ে নিউইয়র্ক টাইমসের টমাস ফুলার একটি কৌতূহলোদ্দীপক মন্তব্য করেছেন। যে সেনাবাহিনী নতুন রাজধানী নেপিডো নির্মাণ করেছে, সেই নেপিডোই সেনাবাহিনীকে প্রত্যাখ্যান করেছে। সরকারি কর্মকর্তা, সেনা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য-অধ্যুষিত নেপিডো জেলার আটটি আসনের মধ্যে সাতটিতেই এনএলডি জয়ী হয়েছে। তিনি আরও বলেছেন, সেনাবাহিনী ক্ষমতা থেকে বেরিয়ে আসার প্রস্তুতি নিচ্ছে।

আরও পড়ুন