মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন কাতার সংকট নিয়ে তাঁর চার দিনের সফর গতকাল বৃহস্পতিবার বিশেষ কোনো অগ্রগতি ছাড়াই শেষ করেছেন। সৌদি আরবসহ চারটি আরব দেশের সঙ্গে বুধবার আলোচনার পর তিনি গতকাল আবার কুয়েত হয়ে কাতার ফিরে যান। এদিন তিনি একজন কুয়েতী মধ্যস্থতাকারীসহ কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানির সঙ্গে সাক্ষাত করেন।
কাতারের ওপর সৌদি আরব ও তার মিত্রদের নিষেধাজ্ঞা আরোপের পর সৃষ্ট সংকট অবসানের উপায় খুঁজে বের করাই ছিল টিলারসনের সফরের লক্ষ্য। কাতারের সঙ্গে বৈঠকে সংকট সমাধানে দেশটির অবস্থানকে ‘যৌক্তিক’ আখ্যা দেন তিনি।
সফরের শেষ পর্যায়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জেদ্দায় যান চারটি আরব দেশের মন্ত্রীদের সঙ্গে বৈঠক করতে। কোনো সমাধানে পৌঁছানো সম্ভব না হওয়ায় তিনি চলে যান কুয়েতে। কুয়েত এ সংকট নিরসনে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে।
টিলারসনের সফরে জঙ্গিবাদী কর্মকাণ্ডে অর্থ সরবরাহ বন্ধ করার বিষয়ে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে যুক্তরাষ্ট্র ও কাতার। কিন্তু অবরোধ আরোপ করা চার আরব দেশ বলছে, এ সমঝোতা স্মারক স্বাক্ষর সত্ত্বেও কাতারের বিরুদ্ধে বয়কট তারা বহাল রাখবে। সংযুক্ত আরব আমিরাতের এক কর্মকর্তা বলেন, যে চুক্তিই হোক না কেন, তাতে সৌদি আরব, আরব আমিরাত, মিসর এবং বাহরাইনের প্রধান উদ্বেগের বিষয়গুলোর সমাধান থাকতে হবে।