সমালোচনায় বিদ্ধ সু চি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অং সান সু চি
অং সান সু চি

মিয়ানমারের সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিম সম্প্রদায়কে সুরক্ষা দিতে ব্যর্থতার অভিযোগে তোপের মুখে পড়েছেন শান্তিতে নোবেলজয়ী নেত্রী অং সান সু চি। মিয়ানমারের সেনাবাহিনী রোহিঙ্গাদের বিরুদ্ধে যে তাণ্ডব চালাচ্ছে, সে বিষয়ে সু চির নীরবতাকে কৌশলগত সমর্থন বলেই মনে করছে মানবাধিকার সংগঠনগুলো।
সামরিক শাসনের বিরুদ্ধে দীর্ঘ আন্দোলনের জন্য গণতন্ত্রের প্রতীক হিসেবে পরিচিত হয়ে ওঠেন সুচি।  কিন্তু রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর সেনাবাহিনীর দমন-পীড়নের ব্যাপক প্রমাণ সত্ত্বেও তাঁর প্রায় নীরব অবস্থান নানা প্রশ্নের জন্ম দিয়েছে।
কার্যত মিয়ানমারের সরকারের নেতৃত্বে রয়েছেন সু চিই। দীর্ঘদিন পর দেশটিতে অনুষ্ঠিত প্রথম অবাধ নির্বাচনে জয়ী হয়ে চলতি বছর তাঁর দল ক্ষমতা নিয়েছে। অথচ রোহিঙ্গাদের সমর্থনে কথা বলতে পারেননি তিনি। মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচের ডেভিড ম্যাথিসন বলেন, ‘সু চিকে এখন আর মানবাধিকারের প্রতীক বলা যায় কি না, তা নিয়েই আন্তর্জাতিক পর্যায়ে বিভ্রান্তি দেখা দিয়েছে। হতে পারে তাঁর এই নীরবতা গা ছাড়া ভাব বা অনুভূতিহীনতার প্রকাশ, অথবা হিসাব-নিকাশ করেই তিনি মন্তব্য করা থেকে বিরত রয়েছেন...। কিন্তু যে সম্ভাবনাটা বেশি জোরালো, তা হচ্ছে—মিয়ানমারের সেনাবাহিনীর ওপর তাঁর কোনো নিয়ন্ত্রণ নেই।’

হাজারো রোহিঙ্গা শরণার্থী তাদের ওপর গণধর্ষণ, নির্যাতন ও হত্যার রোমহর্ষক বিবরণ দিচ্ছে।  সরকার রোহিঙ্গাদের নির্যাতনের অভিযোগ সরাসরি অস্বীকার করে বলছে, সশস্ত্র বিদ্রোহ দমন করতেই সেনাবাহিনী অভিযান চালিয়েছে।

রাখাইন রাজ্যে মানবাধিকার সংগঠনের তদন্তকারী ও বিদেশি সাংবাদিকদের প্রবেশে বাধা দিচ্ছে মিয়ানমারের কর্তৃপক্ষ। এবারের রোহিঙ্গা-সংকটের ইতিমধ্যে ছয় সপ্তাহ পেরিয়েছে। এ সময়ের মধ্যে সু চি ভারত ও জাপান সফর করেছেন। তখন রোহিঙ্গাদের বিষয়ে প্রশ্নের জবাবে তিনি শুধু বলেন, আইন অনুযায়ীই ঘটনার তদন্ত চলছে।

সু চির নিষ্ক্রিয়তা নিয়ে সমালোচনা ক্রমশ বাড়ছে। মিয়ানমারে জাতিসংঘের বিশেষ দূত ইয়াংহি লি রোহিঙ্গাদের ওপর নিপীড়নকে ‘অগ্রহণযোগ্য’ বলেছেন। লন্ডনের কুইন মেরি ইউনিভার্সিটির গবেষকেরা রোহিঙ্গা সংখ্যালঘুদের ওপর বর্তমান অভিযানকে ‘আইনসিদ্ধ গণহত্যা’ আখ্যা দিয়ে চলতি সপ্তাহে বলেছেন, সু চির নেতৃত্বের এটিই সবচেয়ে তাৎপর্যপূর্ণ পরীক্ষা। তবে দেশের আসল নেত্রী এ বিষয়ে ভাবলেশহীনই রয়েছেন।

সু চির রাজনৈতিক দল ক্ষমতায় এলেও জান্তা যুগের সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে তাঁকে সীমাবদ্ধতার মধ্যে কাজ করতে হয়। পার্লামেন্টের এক-চতুর্থাংশ আসন এখনো সেনাবাহিনীর দখলে। দেশের নিরাপত্তার দেখভালও একচ্ছত্রভাবে সামরিক বাহিনী করে থাকে।