সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিউলে গতকাল ত্রিপাক্ষিক সম্মেলন শুরুর আগে তিন নেতা। (বাঁ থেকে) জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে, দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক গুয়েন-হে ও চীনের প্রধানমন্ত্রী লি কেছিয়াং l ছবি: রয়টার্স
সিউলে গতকাল ত্রিপাক্ষিক সম্মেলন শুরুর আগে তিন নেতা। (বাঁ থেকে) জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে, দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক গুয়েন-হে ও চীনের প্রধানমন্ত্রী লি কেছিয়াং l ছবি: রয়টার্স

জাপান, চীন ও দক্ষিণ কোরিয়া বাণিজ্য ও নিরাপত্তায় সম্পর্ক ‘পুরোপুরি পুনঃপ্রতিষ্ঠা’ করেছে বলে জানিয়েছেন ওই তিন দেশের নেতারা।
গতকাল রোববার দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে ত্রিপক্ষীয় বৈঠকের পর যৌথ এক বিবৃতিতে তাঁরা এ কথা বলেছেন। তিন বছরেরও বেশি সময় পর এ রকম সম্মেলনে অংশ নিলেন তিনটি দেশের শীর্ষ নেতারা। খবর এএফপি ও বিবিসির।
বিবৃতিতে বলা হয়, বৈঠকে তাঁরা অর্থনৈতিক সহযোগিতা আরও বাড়ানোর ব্যাপারে একমত হয়েছেন। পাশাপাশি তাঁরা ত্রিপক্ষীয় বৈঠক নিয়মিত করার ব্যাপারেও একমত হয়েছেন।
ঐতিহাসিক অনৈক্য ও অঞ্চলগত বিরোধকে কেন্দ্র করে অস্বস্তিকর অনুভূতি দূর করার প্রয়াসের অংশ হিসেবে ওই তিন দেশের প্রতিনিধিরা গতকাল আলোচনায় মিলিত হন। বৈঠকে অংশ নেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক গুয়েন-হে, জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে ও চীনের প্রধানমন্ত্রী লি কিকিয়াং। যৌথ এক বিবৃতিতে তাঁরা বলেন, ‘আমরা সবাই এ ব্যাপারে একমত যে এই সম্মেলনে আমরা ত্রিপক্ষীয় সহযোগিতা পুরোপুরি পুনঃপ্রতিষ্ঠা করেছি।’
পার্ক গুয়েন-হে বলেন, আঞ্চলিক সমন্বিত অর্থনৈতিক অংশীদারি (আরসিইপি) গড়ে তুলতে একসঙ্গে কাজ করার বিষয়ে তিন নেতা একমত হয়েছেন। তাঁরা উত্তর কোরিয়াকে ‘পরমাণু নিরস্ত্রীকরণ’ করার লক্ষ্য নিয়ে কাজ করবেন।
গত শনিবার সিউলে পার্কের সঙ্গে সাক্ষাৎ করেন লি কিকিয়াং। এ সময় তাঁরা দুজন দুই দেশের মধ্যে বাণিজ্য বাড়ানোর চেষ্টা, বিশেষ করে চীনে কোরিয়ার আরও খাদ্য রপ্তানি এবং রোবোট নিয়ে গবেষণায় দুই দেশের সহযোগিতার ব্যাপারে একমত হন। গতকাল ওই দুই নেতার সঙ্গে যোগ দেন শিনজো আবে। নিরাপত্তা-সংক্রান্ত সহযোগিতা ও বাণিজ্যিকে গুরুত্ব দেওয়ার লক্ষ্যে ঐতিহাসিক শত্রুতা ও অঞ্চলগত বিরোধকে পাশ কাটিয়ে ওই সম্মেলনে তাঁরা অংশ নেন।
সম্মেলনে অর্থনৈতিক বন্ধন সুদৃঢ় করার ওপর গুরুত্ব দেওয়া হয়। এ ছাড়া উত্তর কোরিয়া ইস্যুটি ছিল আলোচ্যসূচির অন্যতম। উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্রের আকাঙ্ক্ষা চীনসহ তিনটি দেশের জন্যই হুমকি। যদিও চীন উত্তর কোরিয়ার অর্থনৈতিক সুবিধাদাতা ও প্রধান কূটনৈতিক রক্ষাকর্তা। দক্ষিণ কোরিয়া ও জাপান যুক্তরাষ্ট্রের প্রতি আনুগত্য থেকে সরে এসে অর্থনৈতিকভাবে বেইজিংয়ের সঙ্গে সম্পর্ক স্থাপনের প্রয়োজনীয়তাকে গুরুত্ব দিচ্ছে—এমন আভাস দিচ্ছে এই বৈঠক। প্রসঙ্গত, দক্ষিণ কোরিয়া ও জাপানের মার্কিন ঘাঁটিতে প্রায় ৮০ হাজার সেনা রয়েছে।
২০১২ সালে পূর্ব চীন সাগরের বিতর্কিত দ্বীপপুঞ্জের নিয়ন্ত্রণ নিয়ে জাপান ও চীনের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। গত বছরের নভেম্বরে যখন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে সংক্ষিপ্ত সাক্ষাৎ করেন, তখন দুই দেশের কূটনীতিকেরা পুনরায় যোগাযোগ শুরু করার ব্যাপারে একমত হন। ওই ঘটনার পর থেকে দুই দেশের মধ্যকার সম্পর্কের ফাটল নিরাময় হতে শুরু করে।
গতকালের বৈঠকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানি সৈন্যদের বর্বরতায় দেশটি প্রায়শ্চিত্তমূলক কর্মকাণ্ড যা করেছে, তা যথেষ্ট নয় বলে জানায় চীন ও দক্ষিণ কোরিয়া। দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন ভূমিকার জন্য জাপান এর আগে অনেকবার দুঃখ প্রকাশ করে। তবে চীন ও দক্ষিণ কোরিয়ার অনেকেই সেটিকে পর্যাপ্ত বলে বিবেচনা করেন না।