সম্পর্ক মেরামতের চেষ্টায় ভারত ও নেপাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেপালে নতুন সংবিধানকে ঘিরে মদেশীয়দের বিক্ষোভ ও এর জেরে দেশটির সঙ্গে ভারতীয় সীমান্তে চলা অবরোধ শেষ হয়েছে গত সপ্তাহে। ভারতের অনানুষ্ঠানিক এ অবরোধের কারণে দুই দেশের মধ্যে শুরু হয় সম্পর্কের টানাপোড়েন। অবরোধ শেষ হওয়ার পর এখন এই সম্পর্ক দৃশ্যত মেরামতের পথে এগোচ্ছে উভয় দেশ। খবর টাইমস অব ইন্ডিয়ার।
মদেশীয়দের বিক্ষোভ ও ভারতের চাপের মুখে বীরগঞ্জ-রাক্সল সীমান্তের ওই অবরোধ প্রত্যাহার হয় দীর্ঘ ১৩৫ দিন পর। মদেশীয়দের কিছু দাবি মেটাতে চার মাসের নতুন সংবিধান সংশোধনে নেপাল সরকার পদক্ষেপ নিলে অঘোষিত ওই অবরোধ তুলে নেওয়া হয়।
মদেশীয়দের সঙ্গে ভারতের কিছু জাতিগোষ্ঠীর ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। মদেশীয়দের অভিযোগ, নেপালের নতুন সংবিধানে তারা বঞ্চিত হয়েছেন। এ অভিযোগে গত সেপ্টেম্বরে নেপালের দক্ষিণাঞ্চলীয় এই জাতিগোষ্ঠী সীমান্ত অবরোধ করলে ভারত থেকে পণ্য ও জ্বালানি আমদানি বন্ধ হয়ে যায়। অবরোধ উঠে যাওয়ার পর গত শুক্রবার থেকে পণ্য ও জ্বালানিবাহী ট্রাক ফের নেপালে ঢুকতে শুরু করেছে।
এ অবস্থায় সম্পর্ক মেরামতের চেষ্টায় নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা অলির ১৯ ফেব্রুয়ারি ভারত সফরে যাওয়ার কথা রয়েছে। এটাই হবে দায়িত্ব গ্রহণের পর তাঁর প্রথম ভারত সফর।
খবরে বলা হয়, উভয় দেশই এখন চেষ্টা করছে সম্পর্কের তিক্ততা পেছনে ফেলে সামনে এগোতে। সে কথাই বলছিলেন নেপালের অর্থমন্ত্রী বিষ্ণু প্রসাদ পাউডেল, ‘নিজেদের মধ্যকার সাম্প্রতিক সমস্যাগুলো ভুলে আমরা ভারতের সঙ্গে সামনে এগিয়ে যেতে চাই।’
ভারতের পক্ষে তিক্ত সম্পর্কের বরফ ভাঙতে শুরু করে নেপালি প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এক ফোনালাপ এবং নেপালি পার্লামেন্টে সংবিধান সংশোধন বিল পাসের ঘটনায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের করা উৎসাহসূচক মন্তব্যের পর।
এরই মধ্যে গত মঙ্গলবার ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের নেতৃত্বে সর্বদলীয় এক প্রতিনিধিদল নেপালের সাবেক প্রধানমন্ত্রী সুশীল কৈরালার অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দেন। ভারত নেপালের সঙ্গে তার সম্পর্ক মেরামতে আগ্রহী, এটা তারই স্পষ্ট লক্ষণ।
ভারতে নেপালি প্রধানমন্ত্রী অলির আসন্ন সফরে এই বার্তাই পুনরুচ্চারিত হবে বলে মনে করা হচ্ছে। দিল্লির অনানুষ্ঠানিক অবরোধে ক্ষুব্ধ নেপালি প্রধানমন্ত্রী গত কয়েক মাস ভারতের বিরুদ্ধে কঠোর অবস্থান নেন।