
বর্তমান বিশ্বের অন্যতম ধনী দেশ কাতারে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পাওয়ার পর তিন বছর পূর্ণ হচ্ছে। আজ থেকে তিন বছর আগে আমি যখন এখানে বাংলাদেশ দূতাবাসে যোগ দিই, তখন আমার বেশ কিছু লক্ষ্য নির্ধারিত ছিল। সেসবের আলোকে আজ আমি বলতে পারি, এসব লক্ষ্যের অধিকাংশই পূর্ণ হয়েছে বা পূর্ণ হওয়ার পথে অত্যন্ত সুন্দর সূচনা হয়েছে।
আমরা জানি, সাধারণত কাতার-বাংলাদেশের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক দীর্ঘদিন ধরে শ্রমনির্ভর। তাই বাংলাদেশের অন্যতম বড় এই শ্রমবাজারকে স্থিতিশীল রেখে এটিকে আরও সম্প্রসারণ করা আমার প্রধান লক্ষ্য ছিল। বর্তমানে কাতারে চার লাখের বেশি প্রবাসী বাংলাদেশি বিভিন্ন খাতে কাজ করছেন। গড়ে প্রতি মাসে ৬-৭ হাজার কর্মী বাংলাদেশ থেকে কাতারে আসছেন। ফলে আমি বলতে পারি, কাতারে বাংলাদেশের শ্রমবাজার অতীতের যেকোনো সময়ের চেয়ে এখন সুবিস্তৃত ও স্থিতিশীল।
বাংলাদেশ থেকে কাতারে আসা কর্মীদের অধিকাংশই অদক্ষ শ্রমিক। তাই আমি চেয়েছি, এ দেশে যেন বাংলাদেশি দক্ষ কর্মীদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করা যায়। কারণ, ২০২২ সালের কাতার ফুটবল বিশ্বকাপ আয়োজনকে সামনে রেখে এ দেশে চলমান নির্মাণযজ্ঞ শেষ হওয়ার পর এই বিপুলসংখ্যক অদক্ষ জনশক্তির চাহিদা কমে আসবে। ফলে কাতারে বাংলাদেশি দক্ষ জনশক্তির কর্মসংস্থান নিশ্চিত করা গেলে সেটি দীর্ঘমেয়াদি ও বেশি ফলপ্রসূ হবে।
সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো, গত তিন বছরে আমি চেষ্টা করেছি, কাতার-বাংলাদেশের মধ্যকার সম্পর্ক শুধু জনশক্তি আমদানির মধ্যে সীমাবদ্ধ না রেখে যেন তা বহুমুখী সম্পর্কে রূপান্তরিত করা হয়। এর ফলে দুদেশের মধ্যকার সেতুবন্ধন আরও সুদৃঢ় এবং সহযোগিতামূলক সম্পর্ক জোরদার হবে।
উপসাগরীয় অঞ্চলের দেশ কাতার বিশ্বের অন্যতম শীর্ষ ধনী দেশ। এই বিবেচনায় এ দেশ থেকে বাংলাদেশে বিনিয়োগের জন্য প্রয়োজনীয় কার্যক্রম আমরা শুরু করতে পেরেছি। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী যখন কাতারে এসেছিলেন, তখন কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়। তখন কাতার থেকে বাংলাদেশে একটি প্রতিনিধি দল যাওয়ার কথা হলেও এর কিছুদিন পর কাতারের বিরুদ্ধে সৌদি আরব ও তার মিত্রদের অবরোধ শুরু হওয়ায় সেই উদ্যোগ আর এগোয়নি।
অবরোধ শুরু হওয়ার পর কাতার বাণিজ্যিকভাবে বহুমুখী সম্পর্ক স্থাপনে আগ্রহী হয়ে ওঠে। এই সুযোগ কাজে লাগতে আমরা দূতাবাসের পক্ষ থেকে উদ্যোগ নিই। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ ওষুধ শিল্প মালিকদের একটি প্রতিনিধি দল চলতি বছর কাতার সফর করে। প্রতিনিধি দলের সঙ্গে এখানে কাতার চেম্বারসহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক হয়। সেসময় বাংলাদেশে ওষুধ শিল্পের মান ও খরচ কাতারি উদ্যোক্তা ও কর্মকর্তাদের মুগ্ধ করে।
কাতার থেকে বাংলাদেশ এখন এলএনজি গ্যাস আমদানি করছে। পাশাপাশি কয়েক বছর ধরে বাংলাদেশ কাতারের কাছ থেকে সার আমদানি করছে। এ বিষয়গুলো দুদেশের মধ্যকার বাণিজ্যিক সম্পর্ক এগিয়ে নিতে সহায়ক ভূমিকা পালন করছে। আমরাও এই বাণিজ্য সম্পর্ক সামনে রেখে কাতারের বিনিয়োগ কর্তৃপক্ষ ও উদ্যোক্তাদের কাছে বাংলাদেশে বিনিয়োগের সম্ভাবনা তুলে ধরতে পারছি।
এই লক্ষ্য সামনে রেখে নবগঠিত বাংলাদেশ ফোরাম কাতার সম্প্রতি একটি সেমিনারের আয়োজন করে। এতে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী অংশ নেন। ওই সেমিনারে বাংলাদেশে বিনিয়োগের অর্থনৈতিক সম্ভাবনা তুলে ধরা হয়, যা কাতারি উদ্যোক্তা ও ব্যবসায়ী সমাজের কাছে বাংলাদেশের নতুন পরিচয় তুলে ধরেছে। বাংলাদেশ দূতাবাসের তত্ত্বাবধানে এই ফোরাম ভবিষ্যতেও বাংলাদেশকে তুলে ধরার লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম অব্যাহত রাখবে বলে আমি আশা করি।
পাশাপাশি আমি চাই, বাংলাদেশি কমিউনিটির অন্যান্য সদস্য এই ফোরাম দেখে উৎসাহী হবেন এবং সম্মিলিতভাবে দেশের ভাবমূর্তি উন্নয়নে কাজ করে যাবেন। ভবিষ্যতে কাতারে বাংলাদেশের একক দেশীয় মেলা (মেড ইন বাংলাদেশ) মেলা আয়োজনের পরিকল্পনা রয়েছে।
সব মিলিয়ে বলতে চাই, কাতার-বাংলাদেশ সম্পর্ক বাণিজ্য ও বিনিয়োগের ব্যাপারে আগের চেয়ে অনেক দূর এগিয়েছে। যথাযথ কার্যক্রম অব্যাহত থাকলে অদূর ভবিষ্যতে এর সুফল মিলবে এবং এর মাধ্যমে দুদেশ উপকৃত হবে। এক কথায়, কাতার ও বাংলাদেশ সম্পর্ক এখন এক নতুন দিগন্তে প্রবেশ করেছে।
এ প্রসঙ্গে আমি উল্লেখ করতে চাই, কাতার ও বাংলাদেশের মধ্যে সামরিক সহযোগিতা খাতে একটি চুক্তি হওয়ার কথা রয়েছে। এর মাধ্যমে দুদেশের সামরিক সম্পর্ক আরও সামনের দিকে এগিয়ে যাবে।
২০২২ সালের বিশ্বকাপ ফুটবলকে সামনে রেখে কাতারের নিরাপত্তা খাতে বাংলাদেশি অবসরপ্রাপ্ত সেনাসদস্যদের কর্মসংস্থান নিয়ে আলোচনা হয়েছে। সম্প্রতি এ ব্যাপারে বাংলাদেশের একটি প্রতিনিধি দল কাতার সফর করেছে।
বাংলাদেশি কমিউনিটির প্রতিনিধিত্বমূলক কোনো প্ল্যাটফর্ম নেই বললেই চলে। কিন্তু এখানে একটি বাংলাদেশি স্কুল রয়েছে। আমি মনে করি, এই শিক্ষাপ্রতিষ্ঠান কাতারে বাংলাদেশি কমিউনিটির প্রতিনিধিত্ব করতে পারে। এই স্কুলের সার্বিক বিষয় উন্নয়নের জন্য আমরা কার্যক্রম শুরু করেছি। ইতিমধ্যে একজন প্রশাসনিক পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে। ফলে স্কুলের যাবতীয় কার্যক্রম এখন অনেক বেশি নিয়মতান্ত্রিক ও সুশৃঙ্খল গতিতে চলছে।
আমি দেখেছি, কাতারে বাংলাদেশি প্রবাসী কর্মীদের অন্যতম সমস্যা ছিল ভিসা ব্যবসা। আমরা এই ভিসা ব্যবসা প্রতিরোধ ও ভিসা সম্পর্কিত প্রতারণা রোধ করতে বিভিন্নভাবে বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখছি। এর ফলও আমরা পেয়েছি। সরকার একপর্যায়ে বাংলাদেশ দূতাবাসে ভিসা সত্যায়ন কার্যক্রম শুরুর অনুমতি দিয়েছে। এর ফলে এখন ভিসা বিক্রি করে কর্মী এনে প্রতারণার সুযোগ অনেকখানি কমেছে বলে আমি মনে করি।
কাতারে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সেবার মানোন্নয়ন ও আধুনিকায়নে নানা রকম উদ্যোগ নেওয়া হয়েছে। দূতাবাসের সেবা সম্পর্কে এখন সাধারণ প্রবাসীদের মতামত আগের চেয়ে অনেক বেশি ইতিবাচক। প্রথম যখন আমরা ওপেন হাউস ডে’র আয়োজন করেছিলাম, তখন প্রবাসীদের পক্ষ থেকে যে ১৬টি সমস্যা বা প্রস্তাব এসেছিল—ইতিমধ্যে তার সবগুলোই আমরা বাস্তবায়ন করেছি।
তবে আমি মনে করি, কাতার ও বাংলাদেশের মধ্যে শিক্ষা ও সাংস্কৃতিক সম্পর্ক আরও জোরদার করার সম্ভাবনা রয়েছে। ২০১৭ সালে প্রথমবারের মতো বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে কাতারায় বাংলাদেশি চিত্রশিল্পীদের চিত্রকর্ম প্রদর্শনী ও বাংলাদেশি সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।
মধ্যপ্রাচ্যের অন্যতম সম্ভাবনাময় দেশ কাতার। কাতার ও বাংলাদেশের মধ্যে দীর্ঘকাল ধরে ভ্রাতৃত্ব ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান। দুদেশের মানুষের মধ্যে ধর্মীয় ও সাংস্কৃতিক মিল রয়েছে। আমরা চাই, এ সম্পর্ক আরও গভীর এবং সুদূরপ্রসারী হোক। বাংলাদেশ দূতাবাস এ লক্ষ্যে যাবতীয় কার্যক্রম ও পরিকল্পনা বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
লেখক: রাষ্ট্রদূত, বাংলাদেশ দূতাবাস, দোহা