সম্ভাব্য ব্ল্যাকবক্সের সংকেত শনাক্ত
এয়ারএশিয়ার বিধ্বস্ত উড়োজাহাজের ব্ল্যাকবক্স থেকে গতকাল শুক্রবার সংকেত পাওয়া গেছে বলে জানিয়েছেন উদ্ধারকাজের সঙ্গে যুক্ত ইন্দোনেশীয় কর্মকর্তারা। জাভা সাগরে নিমজ্জিত থাকা বিমানটির ধ্বংসাবশেষ থেকে ব্ল্যাকবক্স উদ্ধারের জোর চেষ্টা চলছে। খবর এএফপি, রয়টার্স ও বিবিসির।
ইন্দোনেশিয়ার বিমানবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল জনসন সুপ্রিয়াদি বলেন, ‘সংকেত শনাক্ত করেছে একটি জাহাজ। ডুবুরিদের সেই সংকেত অনুযায়ী সেখানে পাঠানোর চেষ্টা চলছে।’ সশস্ত্র বাহিনীর কমান্ডার জেনারেল মোয়েলদোকো বলেন, যে স্থানে বিধ্বস্ত উড়োজাহাজটির সম্ভাব্য পেছনের অংশের (টেইল) সন্ধান পাওয়া গেছে তার কাছাকাছিই ওই সংকেত শনাক্ত করা হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, পেছনের ওই অংশটি থেকে ব্ল্যাকবক্সটি বিচ্ছিন্ন হয়ে গিয়ে থাকতে পারে।
জনসন সুপ্রিয়াদি জানিয়েছেন, সাগরের তলদেশে আরেকটি বস্তু পাওয়া গেছে। সেটি উড়োজাহাজের সামনের অংশ হতে পারে।