সম্মতি নিয়ে যৌন সম্পর্কের বয়স বাড়াল ফিলিপাইন
সম্মতি নিয়ে যৌন সম্পর্কের বয়স ১২ থেকে বাড়িয়ে ১৬ করে একটি আইন প্রণয়ন করেছে ফিলিপাইন। আজ সোমবার দেশটির প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে এ–সংক্রান্ত একটি বিলে স্বাক্ষর করার মাধ্যমে তা আইনে পরিণত হয়েছে। ধর্ষণ ও যৌন নির্যাতন থেকে কমবয়সীদের রক্ষা করতে এ আইন প্রণয়ন করা হলো। খবর রয়টার্সের।
জাতিসংঘের শিশুবিষয়ক তহবিল ইউনিসেফের তথ্যমতে, সম্মতি নিয়ে যৌন সম্পর্ক করতে নাইজেরিয়ায় ১১ বছরের পর বিশ্বে সবচেয়ে কম বয়সসীমা ছিল ফিলিপাইনে।
২০১৫ সালে ইউনিসেফ ও স্থানীয় বেসরকারি সংস্থা সেন্টার ফর উইমেন রিসোর্সের গবেষণায় দেখা যায়, ফিলিপাইনে ধর্ষণের শিকার ১০ জনের ৭ জনই শিশু।
গবেষণায় আরও দেখা যায়, গবেষণায় অংশ নেওয়া ১৩ থেকে ১৭ বছর বয়সীদের ৫ জনের ১ জন যৌন সহিংসতার শিকার হয়েছেন। এ ছাড়া প্রতি ২৫ জনের ১ জন নারী বলেন, শৈশবে বিয়ের সময় তাঁরা জোরপূর্বক যৌন সম্পর্কের অভিজ্ঞতা পেয়েছেন।
লিঙ্গ নিরপেক্ষ নতুন এ আইন কার্যকর হওয়ার মাধ্যমে ফিলিপাইনে প্রাপ্তবয়স্ক কোনো মানুষ ১৬ বা তার কমবয়সী কারও সঙ্গে যৌন সংসর্গে লিপ্ত হলে সেটা আইনত ধর্ষণ বলে বিবেচিত হবে, যদি না তাদের মধ্যে বয়সের পার্থক্য তিন বছর বা তার কম হয় এবং উভয়ের সম্মতিতে যৌন সম্পর্ক হয়েছে বলে প্রমাণিত না হয়।
ফিলিপাইনে দরিদ্র ও প্রান্তিক মানুষকে আইনি সহায়তা দিয়ে থাকে ন্যাশনাল ইউনিয়ন অব পিপলস লয়ারস নামের একটি সংগঠন। সংগঠনটির একজন মুখপাত্র জোসালে ডেনিলা রয়টার্সকে বলেন, ‘আমরা এই আইন প্রণয়নকে স্বাগত জানাচ্ছি। আমাদের আশা, এটি ধর্ষণ ও যৌন নির্যাতন থেকে কমবয়সীদের সুরক্ষা দেবে।’