মিয়ানমারের সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিম সম্প্রদায়কে নিয়ে সংকট নিরসনের জন্য দেশটির সরকার সময় চায়। দেশটির প্রতিরক্ষা উপপ্রধান রিয়ার অ্যাডমিরাল মিন্ট নোয়ে গতকাল সোমবার বিশ্ববাসীর উদ্দেশে এ আহ্বান জানিয়েছেন।
সিঙ্গাপুরে এক নিরাপত্তা ফেরামে মিন্ট নোয়ে বলেন, মিয়ানমারের রাখাইন রাজ্যের পরিস্থিতি নিয়ে ব্যাপকভাবে প্রচারিত খবরাখবর সম্পর্কে উদ্বেগ বাড়ছে এবং এর পুরোটাই সরকার জানে। তাঁরা এই পরিস্থিতি মোকাবিলা এবং দোষী ব্যক্তিদের শাস্তি দিতে অঙ্গীকারবদ্ধ। নিরপরাধ বেসামরিক লোকজনের মানবাধিকার লঙ্ঘনের অপরাধ সরকার ক্ষমা করবে না। এ রকম যেকোনো ঘটনা প্রমাণিত হলে সরকার আইনি ব্যবস্থা নেবে।
ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের আয়োজনে ফুলারটন ফোরামে মালয়েশিয়ার প্রতিরক্ষামন্ত্রী হিশামুদ্দিন হুসেইনের বক্তব্যের জবাবে মিন্ট নোয়ে এসব কথা বলেন। হিশামুদ্দিন হুঁশিয়ারি দিয়েছেন, রাখাইনের পরিস্থিতি ঠিকমতো নিয়ন্ত্রণ না করলে ইসলামিক স্টেটের (আইএস) মতো জঙ্গি সংগঠনগুলো সুযোগ নিতে পারে। কারণ, তারা দক্ষিণ-পূর্ণ এশিয়ায় একটি ঘাঁটি গড়তে চাইছে। রোহিঙ্গা সংকটের বিষয়টি আসিয়ানের সংহতির জন্য একটি পরীক্ষা হতে চলেছে। ধামাচাপা না দিয়ে এর সমাধান করতে হবে। এটা মুসলিমদের অনেকের ওপর প্রভাব ফেলেছে এবং বিষয়টিতে আবেগ যুক্ত রয়েছে।
মিন্ট নোয়ে বলেন, মিয়ানমার এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে এই সংকটের একটি দীর্ঘস্থায়ী সমাধান অনুসন্ধানের ওপর গুরুত্ব দিতে হবে। সরকারকে এই জটিল বিষয়ের টেকসই সমাধান খুঁজতে প্রয়োজনীয় সময় দেওয়া দরকার।
মিয়ানমারের সেনাবাহিনী গত অক্টোবর থেকে উত্তর-পশ্চিমাঞ্চলীয় রাজ্য রাখাইনে কথিত বিদ্রোহীদের নির্মূল করতে ব্যাপক অভিযান শুরু করে। ওই বিদ্রোহীরা সীমান্তের একাধিক পুলিশি চৌকিতে হামলা করেছিল বলে অভিযোগ রয়েছে। ওই অভিযানের পর থেকে অন্তত ৬৬ হাজার রোহিঙ্গা পালিয়ে প্রতিবেশী দেশ বাংলাদেশে আশ্রয় নেয়। রাখাইনে সেনাবাহিনী তাদের ওপর খুন, ধর্ষণ ও নির্যাতন চালিয়েছে বলে অভিযোগ রয়েছে।
রোহিঙ্গাদের প্রতি আচরণ নিয়ে মিয়ানমারের সরকার দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক সমালোচনার মুখে পড়েছে।