সময় ফুরিয়ে যাচ্ছে: রুহানি
ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, তাঁর দেশের পারমাণবিক কর্মসূচি নিয়ে পাশ্চাত্যের সঙ্গে একটি স্থায়ী চুক্তির জন্য আলোচনার সময় ফুরিয়ে যাচ্ছে। শুক্রবার নিউইয়র্কে এক সংবাদ সম্মেলনে এই সতর্কবাণী উচ্চারণ করেন তিনি। খবর এএফপির।
প্রেসিডেন্ট রুহানি বলেন, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ইরান ও ছয় বিশ্বশক্তির মধ্যে আলোচনায় সামান্যই অগ্রগতি হয়েছে। সামনের দিকে এগোনো হয়েছে। কিন্তু এই অগ্রগতি উল্লেখযোগ্য নয়।
তেহরানের বিতর্কিত পারমাণবিক কর্মসূচির বিষয়ে ইরানের সঙ্গে পাশ্চাত্য বর্তমানে একটি অস্থায়ী সমঝোতায় রয়েছে। স্থায়ী সমঝোতার জন্য যে সময়সীমা নির্ধারণ করা হয়েছিল, তা আগামী ২৪ নভেম্বর শেষ হয়ে যাচ্ছে।
পাশ্চাত্যের সঙ্গে ইরানের চলমান সংলাপে মূলত তেহরানের ওপর থেকে পশ্চিমা অবরোধ তুলে নেওয়া এবং বিনিময়ে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধ করার কর্মসূচির মাত্রা কমিয়ে আনার ওপরে আলোকপাত করা হচ্ছে। গত বছর সুইজারল্যান্ডের জেনেভায় যে অস্থায়ী চুক্তি হয়েছিল, তার ভিত্তিতে এরই মধ্যে কিছু অবরোধ তুলে নেওয়া হয়েছে এবং ইরানও ইউরেনিয়াম সমৃদ্ধ করার কর্মসূচির অনেকটা বন্ধ না হয় স্থগিত করেছে।
ইরান প্রয়োজনীয় নমনীয়তা দেখিয়েছে দাবি করে রুহানি বলেন, এখন এই আলোচনা এগিয়ে নেওয়ার দায়িত্ব ছয় বিশ্বশক্তি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, ফ্রান্স, রাশিয়া ও জার্মানির। অবিলম্বে আলোচনায় অগ্রগতি করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘হাতে সময় একেবারেই কম।’
এদিকে নিউইয়র্কের আলোচনার পর যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তা বলেছেন, দুই পক্ষের মধ্যে এখনো বড় ব্যবধান রয়ে গেছে।