সরকার গঠনে কাবুলে তালেবান নেতা বারাদার
আফগানিস্তানের দখল তালেবানের হাতে যাওয়ার পর দেশটিতে সরকার গঠন নিয়ে আলোচনা করতে কাবুলে পৌঁছেছেন সংগঠনটির সহপ্রতিষ্ঠাতা মোল্লা আবদুল গনি বারাদার। রাজধানী শহরটিতে তিনি তালেবানের অন্য নেতা এবং রাজনীতিকদের সঙ্গে আলোচনা করবেন। বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, আজ শনিবার তালেবান সহপ্রতিষ্ঠাতা বারাদার কাবুলে পৌঁছেছেন।
প্রায় ১০ বছর নির্বাসন শেষে গত মঙ্গলবার কাতারের রাজধানী দোহা থেকে আফগানিস্তানে ফেরেন মোল্লা আবদুল গনি বারাদার। তিনি তালেবানের সহপ্রতিষ্ঠাতা ছাড়াও সংগঠনটির উপপ্রধান। বিবিসির দেওয়া তথ্য অনুসারে, তালেবানের রাজনৈতিক শাখার প্রধানও তিনি। দোহায় তালেবান বিভিন্ন দেশের সঙ্গে যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের চেষ্টা করছে, সে কাজে জড়িত ছিলেন বারাদার। মঙ্গলবার দেশে ফিরে তিনি প্রথমে কান্দাহারে যান।
তালেবানের এক জ্যেষ্ঠ নেতা এএফপিকে বলেন, সরকার গঠন নিয়ে আলোচনা করতে কাবুলে যাচ্ছেন মোল্লা আবদুল গনি বারাদার। তিনি তালেবান নেতা এবং রাজনীতিকদের সঙ্গে আলোচনা করবেন।
গত রোববার কাবুলের নিয়ন্ত্রণ নেয় তালেবান। এরপর থেকে সরকার গঠনের প্রক্রিয়া এগিয়ে নিতে তৎপরতা শুরু করেছে তারা। এ জন্য দেশটির সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাই ও আবদুল্লাহ আবদুল্লাহর সঙ্গে বৈঠক করেছেন তালেবান নেতারা। এরপর বারাদার কাবুলে ফিরলেন।