সরকারি অফিস খুলতে দিচ্ছে না তালেবান
কাবুলের বিভিন্ন সরকারি অফিসে ঢুকতে কর্মকর্তা-কর্মচারীদের বাধা দেওয়ার অভিযোগ উঠেছে তালেবানের বিরুদ্ধে। শনিবার সাপ্তাহিক কর্মদিবসের প্রথম দিনে আফগানিস্তানে এমন ঘটনা ঘটেছে বলে বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়।
গত রোববার আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয় তালেবান। এরপর থেকেই দেশটির অধিকাংশ সরকারি ভবন, ব্যাংক, পাসপোর্ট অফিস, স্কুল ও বিশ্ববিদ্যালয় বন্ধ রয়েছে।
অল্প কিছু বেসরকারি টেলিকমিউনিকেশন কোম্পানি গত কয়েক দিন তাদের অফিস খোলা রেখেছে। সাইদ হামিদুল্লাহ নামের একজন সরকারি কর্মচারী বলেন, ‘আমি আজ সকালে অফিসে গিয়েছিলাম। এ সময় অফিসের ফটকে থাকা তালেবান সদস্য জানায়, সরকারি অফিস খোলার বিষয়ে তাঁরা এখন পর্যন্ত কোনো নির্দেশনা পায়নি।’ তিনি আরও বলেন, ‘অফিস খোলার ঘোষণা জানতে তাঁরা আমাদের টেলিভিশন দেখতে কিংবা রেডিও শুনতে বলেছে।’
দ্রুত আফগানিস্তানের নিয়ন্ত্রণ নিয়ে বিশ্বকে ‘অবাক’ করে দিয়েছে তালেবান। যদিও এখন পর্যন্ত কোনো সরকার গঠন করেনি তারা। আফগান সরকার পতনের এই বিশৃঙ্খল পরিস্থিতিতে আফগানদের মধ্যে এখন মাস শেষে বেতন পাওয়া নিয়েই বেশি উদ্বেগ কাজ করছে।
এএফপির প্রতিবেদনে বলা হয়, রাজধানী কাবুলের অধিকাংশ সড়ক মরুভূমিতে পরিণত হয়েছে। সেখানে এখন শুধু তালেবানের চেকপয়েন্ট ও টহল দেখা যায়। আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মচারী বলেন, কাবুলে মন্ত্রণালয়ের যাওয়ার রাস্তা পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে তিনি আরও বলেন, ‘তারা কাউকেই ভবনের ভেতরে ঢুকতে দিচ্ছে না। তাদের একজন আমাদের জানায়, নতুন মন্ত্রী নিয়োগ না হওয়া বা নির্দেশনা না পাওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে।’
ব্যবসায়ীরা বলেছেন, কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা না পাওয়ায় মানি এক্সচেঞ্জ মার্কেটও বন্ধ রাখা হয়েছে। কাবুল মিউনিসিপ্যালটির এক কর্মকর্তা বলেন, তালেবান অফিস খুলতে না দেওয়ায় তিনি খুবই হতাশ হয়েছেন। অফিস না খোলায় আরেক কর্মচারী বলেন, ‘অনেক আশা নিয়ে আমি এখানে এসেছিলাম, কিন্তু হতাশ হয়ে ফিরে যাচ্ছি।’
তবে দেশটির স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এক কর্মচারী জানান, পরিচয়পত্র দেখিয়ে তাঁরা অফিসে ঢুকতে পারছেন।
গত রোববার ক্ষমতা দখল করে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কাজে ফেরাতে নতুন পদক্ষেপ নেয় তালেবান। মঙ্গলবার তালেবানের পক্ষ থেকে বলা হয়, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছে। এ ছাড়া তাঁদের কাজে ফিরতেও আহ্বান জানায় তালেবান।