সরকারি দপ্তর লক্ষ্য করে তালেবানের হামলা, নিহত ১০

আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় শহর গজনীতে আজ বৃহস্পতিবার সরকারি দপ্তর লক্ষ্য করে তালেবানের হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছে। কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি অনলাইনের খবরে এ কথা জানানো হয়।
পুলিশ জানায়, নিহত ব্যক্তিদের মধ্যে আটজন নিরাপত্তা বাহিনীর সদস্য এবং বাকি দুজন বেসামরিক নাগরিক। হামলার ঘটনায় ১৯ হামলাকারীও নিহত হয়েছে।
অস্ত্রধারীরা দুটি ট্রাকে বোমা বহন করে পুলিশ ও গোয়েন্দা দপ্তরের কাছে গিয়ে বিস্ফোরণ ঘটায়। এতে এই সরকারি দপ্তরের পাশাপাশি শহরের জাদুঘরটিও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এতে ১৬০ জনেরও বেশি ব্যক্তি আহত হয়েছেন।
স্থানীয় চিকিত্সকেরা জানিয়েছেন, একটি সরকারি হাসপাতালসহ বেশ কয়েকটি হাসপাতালে কমপক্ষে ১৬৪ জন বেসামরিক নাগরিককে ভর্তি করা হয়েছে। বিস্ফোরণের পর ভেঙে যাওয়া কাচের টুকরোতে বেশির ভাগ ব্যক্তি আহত হয়েছেন।
হামলার দায় স্বীকার করে তালেবান জানিয়েছে, ১৯ জনের একটি দল ছোট ও ভারী অস্ত্রে সজ্জিত হয়ে সরকারি দপ্তরে সমন্বিত হামলা চালিয়েছে।
গজনীর উপপুলিশপ্রধান আসাদুল্লাহ ইনসাফি বলেন, সরকারি দপ্তরের প্রবেশপথ ঘেঁষে দুটি বিস্ফোরণ ঘটানো হয়।