সরকারি বাহিনী বোমা বর্ষণ করছেই, দাবি বিদ্রোহীদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাঁচ বছর ধরে চলা গৃহযুদ্ধের অবসানে সিরিয়ায় রুশ-মার্কিন উদ্যোগে সাময়িক যুদ্ধবিরতি শুরু হয়েছে গত শুক্রবার মধ্যরাত থেকে। এর কিছু সময় পর থেকে দেশটির পশ্চিম ও উত্তরের বেশির ভাগ এলাকায় যুদ্ধ বন্ধ হয়ে যায়। তবে একটি বিদ্রোহী দল অভিযোগ করেছে, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও সরকারি বাহিনীর হামলায় তাদের তিন সদস্য নিহত হয়েছে।
এই যুদ্ধবিরতিকে ‘শান্তির সর্বোত্তম আশা’ বলে আখ্যায়িত করলেও জাতিসংঘ সতর্ক করে দিয়ে বলেছে, শুরুর দিকে কিছু লঙ্ঘনের ঘটনা ঘটতে পারে। খবর রয়টার্সের।
যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে জোরদার কূটনৈতিক তৎপরতার মাধ্যমে প্রতিষ্ঠিত যুদ্ধবিরতি মেনে নিয়েছে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সরকার এবং দেশটির ৭৯টি বিবদমান দল। এর অন্যতম উদ্দেশ্য, বিপন্ন বেসামরিক লোকজনের কাছে জরুরি ত্রাণ পৌঁছানো এবং সেই সঙ্গে যুদ্ধ বন্ধে নতুন করে আলোচনা শুরু করা।
গত বছরের সেপ্টেম্বর থেকে প্রেসিডেন্ট বাশারের পক্ষে রাশিয়া যোগ দিয়ে ‘জঙ্গিবিরোধী’ অভিযান শুরুর পর সিরিয়ার গৃহযুদ্ধ নাটকীয় মোড় নেয়। কয়েকটি আরব ও পশ্চিমা রাষ্ট্রের সমর্থন পাওয়া বাশারবিরোধী বিদ্রোহীদের সরকার উৎখাত করার আশা শেষ হয়ে যায়। যুক্তরাষ্ট্র এরপর রাশিয়ার সঙ্গে চুক্তির বিষয়ে তৎপর হয়। এই চুক্তিকে বেশ ভঙ্গুর বলেই মনে করা হচ্ছে। তবে পাঁচ বছরের মধ্যে এ ধরনের প্রচেষ্টাই এই প্রথম। সত্যিই কার্যকর হলে এ যুদ্ধে প্রথম সফল যুদ্ধবিরতি হবে এটি।
শুক্রবার মাঝরাতে জেনেভায় এক সংবাদ সম্মেলনে জাতিসংঘের সিরিয়াবিষয়ক বিশেষ দূত স্তেফান দ্য মিস্তুরা বলেন, ‘আসুন, আমরা প্রার্থনা করি, এ যুদ্ধবিরতি যেন কার্যকর হয়। কেননা গত পাঁচ বছরের মধ্যে এটিই হলো সবচেয়ে বড় সুযোগ।’
গতকাল দুপুর পর্যন্ত সিরিয়ার দক্ষিণ ও পশ্চিমের কয়েকটি সশস্ত্র উপদল বলেছে, পরিস্থিতি তখন শান্ত ছিল। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র বলে, চুক্তির প্রতি সম্মান জানাতে রাশিয়া যে যত্নশীল, এর প্রমাণ তাদের দিতে হবে। গতকাল রাশিয়ার সেনাবাহিনীর মুখপাত্র সের্গেই রুদস্কোই মস্কোয় এক সংবাদ সম্মেলনে বলেন, যেসব এলাকার বিদ্রোহীরা যুদ্ধবিরতিতে একমত হয়েছে, সেখানে রাশিয়ার বিমানবাহিনীর হামলা পুরোপুরি বন্ধ হয়ে গেছে।
তবে রাশিয়ার এই দাবির পরেও ফুরসান আল হক নামের এক বিদ্রোহী গোষ্ঠীর প্রধান ফারেস বায়োস অভিযোগ করেছেন, সিরিয়ার কিছু জায়গায় সরকারি বাহিনীর বোমাবর্ষণ বন্ধ হলেও অন্যত্র এ হামলা চলছে। এটিকে যুদ্ধবিরতির শর্তের লঙ্ঘন বলে আখ্যায়িত করেন তিনি।
বিদ্রোহীদের জোট ফ্রি সিরিয়ান আর্মির ছত্রচ্ছায়ায় লড়াই চালানো ফুরসান আল হকের প্রধান বলেন, হামা প্রদেশের কাফির ও জেইতা এলাকায় হামলায় তাদের তিন কর্মী নিহত হয়েছে।
তবে সিরিয়ার পশ্চিমের একটি বিদ্রোহী দলের প্রধান বলেন, ‘পরিস্থিতি বেশ শান্ত। গতকালই এলাকায় ব্যাপক সংঘর্ষ হয়েছিল। কিন্তু আজ (শনিবার) পরিস্থিতি উল্টো। তবে আমাদের আশঙ্কা, জঙ্গি আল নুসরা বাহিনীর ওপর হামলা চালানো হচ্ছে বলে দাবি করে সরকারি বাহিনী আবার বোমাবর্ষণ শুরু করতে পারে।’
সিরিয়ার মানবাধিকার পরিস্থিতি পর্যবেক্ষণকারী সংগঠন সিরিয়ান অবজারভেটরি গ্রুপের পরিচালক রামি আবদুল রহমান গতকাল বলেছেন, গত কয়েক বছরের মধ্যে রাজধানী দামেস্ক এবং এর আশপাশের এলাকায় প্রথমবারের মতো এতটা শান্ত পরিস্থিতি দেখা গেল। তিনি বলেন, আলেপ্পো প্রদেশের কিছু জায়গায় এবং হোমস প্রদেশে বিস্ফোরণের ঘটনা ঘটেছে।