সরকারি মালিকানায় যাচ্ছে মালয়েশিয়া এয়ারলাইনস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঋণের বোঝা ও পরপর দুটি বড় দুর্ঘটনায় বেহাল মালয়েশিয়া এয়ারলাইনসের মালিকানা পুরোপুরি নিয়ে নেওয়ার কথা ভাবছে দেশটির সরকার।বর্তমান অবস্থা থেকে উত্তরণে বিমান সংস্থাটির পুরো কাঠামোতে পরিবর্তন আনার বিষয়টিও বিবেচনায় রয়েছে সরকারের। মালয়েশিয়ার সরকারের বিনিয়োগ প্রতিষ্ঠান খাজানাহ ন্যাশনাল গতকাল শুক্রবার এ কথা জানায়। খবর নিউইয়র্ক টাইমসের।
খাজানাহ ন্যাশনাল গতকাল দেশটির শেয়ারবাজার নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠিয়ে তাদের তালিকা থেকে মালয়েশিয়া এয়ারলাইনসের নাম তুলে ফেলার অনুরোধ জানিয়েছে। একই সঙ্গে এই এয়ারলাইনসের সব শেয়ার বৃহস্পতিবারের বাজারমূল্যের চেয়ে সাড়ে ১২ শতাংশ বেশি দামে কেনার প্রস্তাব দিয়েছে। খাজানাহ বলেছে, পুরোপুরি সরকারি মালিকানায় নিয়ে ‘সমন্বিত পর্যালোচনা ও কাঠামো পুনর্গঠনের’ পরিকল্পনা রয়েছে।
খাজানাহ ন্যাশনাল কয়েক সপ্তাহের মধ্যে এয়ারলাইনসটি নিয়ে সরকারের পুরো পরিকল্পনা প্রকাশ করবে বলে মনে করা হচ্ছে। এয়ারলাইনসটির সব শেয়ার কিনতে খাজানাহকে ৪৩ কোটি ৭০ লাখ ডলার ব্যয় করতে হবে। এর আগে অবশ্য পুরো শেয়ার বিক্রির জন্য বেসরকারি শেয়ারহোল্ডারদের অনুমোদনের প্রয়োজন হবে।
মালয়েশিয়া এয়ারলাইনসের একটি যাত্রীবাহী উড়োজাহাজ গত ১৭ জুলাই নেদারল্যান্ডসের আমস্টারডাম থেকে কুয়ালালামপুরে যাওয়ার সময় সংঘাতকবলিত ইউক্রেনের পূর্বাঞ্চলে বিধ্বস্ত হয়। এতে ১৫ জন ক্রু সদস্যসহ ২৯৮ জন আরোহীর সবাই নিহত হন। ইউক্রেনের রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীরা ভুলক্রমে ক্ষেপণাস্ত্র ছুড়ে উড়োজাহাজটি ভূপাতিত করে বলে অভিযোগ রয়েছে। এ ঘটনার আগে ৮ মার্চ কুয়ালালামপুর থেকে চীনের বেইজিং যাওয়ার পথে একই এয়ারলাইনসের একটি যাত্রীবাহী উড়োজাহাজ ২২৭ জন যাত্রী ও ১২ জন ক্রু সদস্য নিয়ে নিখোঁজ হয়। সেই উড়োজাহাজের হদিস মেলেনি আজও।
কয়েক মাসের ব্যবধানে এই দুটি বড় দুর্ঘটনা আর ঋণের কারণে চলতি বছর বড় ধরনের ঘাটতিও গুনতে হয় মালয়েশিয়া এয়ারলাইনসকে। কোণঠাসা হয়ে পড়ে প্রতিদ্বন্দ্বী বিমান সংস্থাগুলোর কাছে। এয়ারলাইনসটিকে ঘুরে দাঁড়াতে এর আগেও একবার সহায়তা প্যাকেজ দিয়েছিল সরকার।