সরকারের মুখোমুখি আদালত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মালদ্বীপে সরকার ও আদালত মুখোমুখি অবস্থানে রয়েছে। দেশটির সুপ্রিম কোর্ট গত বৃহস্পতিবার বন্দী বিরোধীদলীয় নেতাদের মুক্তির আদেশ দিয়েছেন। তবে বিরোধী দলগুলোর জোট বলছে, সরকার আদালতের আদেশ অমান্য করতে পারে বলে আশঙ্কা করছে তারা।

এই অবস্থায় গতকাল শনিবার দেশটির পার্লামেন্ট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে কর্তৃপক্ষ। ঘোষণায় বলা হয়েছে, পার্লামেন্টের নিয়মিত অধিবেশন কাল সোমবার বসার কথা থাকলেও অনিবার্য কারণে তা বসবে না। পরে কবে বসবে, তা–ও জানানো হয়নি।

এর আগে বৃহস্পতিবার মালদ্বীপের সুপ্রিম কোর্ট এক ঐতিহাসিক আদেশে বলেছেন, নয়জন রাজনৈতিক বন্দীকে অবিলম্বে মুক্তি দিতে হবে। এই নয়জনই বিরোধীদলীয় নেতা। বন্দীদের মধ্যে দেশটির সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদও রয়েছেন। আদালত বলেছেন, এসব রাজনৈতিক বন্দীর বিরুদ্ধে দায়ের করা মামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। এ ছাড়া বহিষ্কার করা ১২ জন আইনপ্রণেতাকে স্বপদে ফিরিয়ে আনার আদেশও দিয়েছেন আদালত। এই ১২ জন আইনপ্রণেতার ওপর থেকে বহিষ্কারাদেশ ফিরিয়ে নেওয়া হলে ৮৫ সদস্যের আইনসভায় সংখ্যাগরিষ্ঠতা পাবে মালদ্বীপের বিরোধী দল।

গত শুক্রবার দেশটির সরকারি ঘোষণায় বলা হয়েছে, ‘সন্ত্রাসবাদ, দুর্নীতি, প্রতারণা ও বিশ্বাসঘাতকতার’ দায়ে অভিযুক্ত বন্দীদের মুক্তির বিষয়টি বিবেচনায় আছে। প্রেসিডেন্ট আবদুল্লাহ ইয়ামিনের কার্যালয় জানিয়েছে, প্রশাসনের উদ্বেগের বিষয়টি প্রধান বিচারপতির কাছে উত্থাপন করা হবে।

আদালতের আদেশের ৩৬ ঘণ্টা পরও রাজনৈতিক বন্দীদের মুক্তি দেওয়ার বিষয়ে কোনো পদক্ষেপ নেয়নি সরকার। বিরোধীদের জোট এক বিবৃতিতে আশঙ্কা প্রকাশ করে বলেছে, সরকার আদালতের আদেশ অমান্য করতে পারে এবং এর ফলে দেশটিতে আবার অস্থিরতা দেখা দেবে। এরই মধ্যে শুক্রবার রাতে দেশটির কিছু এলাকায় সরকারবিরোধীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের খবর জানা গেছে।

২০১৫ সালে সন্ত্রাসবাদে যুক্ত থাকার অভিযোগে নাশিদকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করা হয়েছিল।

নাশিদের দল মালদ্বীপ ডেমোক্রেটিক পার্টির (এমডিপি) মুখপাত্র হামিদ আবদুল ঘাফুর গতকাল  বলেন, ‘বর্তমান প্রেসিডেন্ট আবদুল্লাহ ইয়ামিন মুখে বলছেন যে, আদেশ মেনে চলবেন। কিন্তু এখন পর্যন্ত তার কোনো লক্ষণ দেখা যায়নি।’   

জাতিসংঘ, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, কানাডা, ভারত ও যুক্তরাষ্ট্র মালদ্বীপের সর্বোচ্চ আদালতের দেওয়া নির্দেশকে স্বাগত জানিয়েছে এবং দেশটিতে গণতন্ত্র ফিরিয়ে আনার ক্ষেত্রে একে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে উল্লেখ করেছে।