সরকার-আদালত দ্বন্দ্ব বাড়ল

>
- মালদ্বীপ সংকট।
- জরুরি অবস্থা জারির পরপরই গ্রেপ্তার প্রধান বিচারপতি।
- সাবেক প্রেসিডেন্ট মামুন আবদুল গাইয়ুম গৃহবন্দী।
- নয়জন রাজনীতিককে মুক্তির আদেশ প্রত্যাহার।
মালদ্বীপে রাজনৈতিক সংকট আরও ঘনীভূত হয়েছে। জরুরি অবস্থা জারির কয়েক ঘণ্টা পরই গতকাল মঙ্গলবার প্রধান বিচারপতিসহ দুই বিচারপতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। দেশটির রাজনৈতিক বন্দীদের মুক্তি দিতে সম্প্রতি সুপ্রিম কোর্টের দেওয়া আদেশ মানতে প্রেসিডেন্ট আবদুল্লাহ ইয়ামিন অস্বীকৃতি জানানোয় এই সংকটের সূত্রপাত।
এদিকে, প্রেসিডেন্ট ইয়ামিনের জরুরি অবস্থা জারিকে অবৈধ কর্মকাণ্ড হিসেবে আখ্যা দিয়েছেন স্বেচ্ছানির্বাসনে থাকা মালদ্বীপের বিরোধীদলীয় নেতা ও সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদ। প্রেসিডেন্ট ইয়ামিনকে অপসারণে এগিয়ে আসতে ভারত ও যুক্তরাষ্ট্রর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
প্রধান বিচারপতি আবদুল্লা সাঈদ ও বিচারপতি আলি হামিদকে গতকাল গ্রেপ্তারের পর পুলিশ বলেছে, দুর্নীতির অভিযোগে তাঁদের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। এদিকে, ওই বিচারকেরা অভ্যুত্থানের পরিকল্পনা করছিলেন বলে গতকাল এক ভাষণে অভিযোগ করেছেন প্রেসিডেন্ট ইয়ামিন।
মালদ্বীপের সংবিধানের ২৫৩ অনুচ্ছেদে দেওয়া ক্ষমতাবলে গত সোমবার আগামী ১৫ দিনের জন্য দেশজুড়ে জরুরি অবস্থা জারি করেন প্রেসিডেন্ট। একই সঙ্গে নিরাপত্তা বাহিনীকে গ্রেপ্তার, জনসমাবেশ নিষিদ্ধ করাসহ বিভিন্ন ক্ষমতা দেওয়া হয়। জরুরি অবস্থা ঘোষণার পরপরই শুরু হয় ধরপাকড়। রাত থেকে সুপ্রিম কোর্ট ঘিরে রেখেছে পুলিশ। আদালতে যে বিচারপতিরা ছিলেন তাঁরা সবাই সেখানে আটকা পড়েন বলে জানা যায়। সোমবার রাতেই রাজধানী মালেতে বিরোধী দলের পক্ষ নেওয়া সাবেক প্রেসিডেন্ট মামুন আবদুল গাইয়ুমকে গৃহবন্দী করা হয়েছে। আর ঘুষ নেওয়ার অভিযোগ তুলে মালদ্বীপের বিচার বিভাগীয় প্রশাসনের প্রধান হাসান সাঈদের বাড়িতে তল্লাশি চালানো হয়।
প্রধান বিচারপতিসহ দুই বিচারপতির গ্রেপ্তারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বিরোধীরা। উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়। পাশাপাশি প্রেসিডেন্ট ইয়ামিনকে আইনের শাসন মেনে চলার আহ্বান জানিয়েছে দেশটি। এ ছাড়া মালদ্বীপ সরকারের এ পদক্ষেপে বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠেছে। যদিও মালদ্বীপ বিষয়ে সংযম বজায় রাখতে বলেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।
মালদ্বীপে প্রায় তিন দশক ধরে ক্ষমতায় ছিলেন মামুন আবদুল গাইয়ুম। টুইটারে ভিডিও বার্তায় সমর্থকদের উদ্দেশে তিনি বলেছেন, ‘গ্রেপ্তার হওয়ার মতো আমি কিছু করিনি।’ তিনি সবাইকে শক্ত থাকারও আহ্বান জানান।
আর গণতান্ত্রিকভাবে নির্বাচিত মালদ্বীপের প্রথম প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদ গতকাল এক বিবৃতিতে বলেন, ‘প্রেসিডেন্ট ইয়ামিন অবৈধভাবে জরুরি অবস্থা জারি করেছেন। তাঁকে অবশ্যই ক্ষমতা থেকে সরানো উচিত।’ পরে এক টুইটে গ্রেপ্তার হওয়া বিচারপতি ও রাজনৈতিক বন্দীদের মুক্ত করতে ভারতের কাছে প্রতিনিধি পাঠানোর এবং যুক্তরাষ্ট্রের প্রতি মালদ্বীপের সরকারদলীয় নেতাদের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন তিনি।
২০১৫ সালে সন্ত্রাসবাদের অভিযোগে দোষী সাব্যস্ত হন নাশিদ। এরপর তাঁর ১৩ বছরের কারাদণ্ড হয়, যা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিযোগ রয়েছে। চিকিৎসার জন্য যুক্তরাজ্য গিয়ে সেখানে আশ্রয় চান তিনি। ২০১৬ সাল থেকে নির্বাসিত জীবনই যাপন করছেন নাশিদ। সম্প্রতি রাজবন্দীদের মুক্তির আদেশের পাশাপাশি সুপ্রিম কোর্ট নাশিদের বিরুদ্ধে দেওয়া রায় বাতিল করেন। এরপর দেশে ফিরে চলতি বছরে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিতে আগ্রহ প্রকাশ করেন তিনি। এ ছাড়া নাশিদ বরাবরই প্রেসিডেন্ট ইয়ামিনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করে আসছেন।
প্রেসিডেন্ট ইয়ামিনের আমলে মালদ্বীপের সঙ্গে আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী চীনের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়েছে। এ অবস্থায় নাশিদ দ্বীপরাষ্ট্রটিতে সেনাবাহিনী পাঠাতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন।
উদ্ভূত প্রেক্ষাপটে গতকাল সকালে প্রেসিডেন্ট আবদুল্লাহ ইয়ামিন ভাষণ দেন। তিনি বলেন, ‘গ্রেপ্তার বিচারপতিদের বিরুদ্ধে তদন্ত শুরু করার কোনো উপায় ছিল না। এ কারণে আমাকে জরুরি অবস্থা জারি করতে হয়েছে।’ তাঁকে উৎখাত করতে কী ধরনের অভ্যুত্থান পরিকল্পনা নেওয়া হয়েছিল তা বের করা হবে বলেও এ সময় জানান প্রেসিডেন্ট।
গত সপ্তাহে মালদ্বীপের সুপ্রিম কোর্ট সন্ত্রাসবাদে জড়িত অভিযোগে কারাবন্দী বিরোধীদলীয় নয়জন নেতাকে মুক্তির আদেশ দেন। তাঁদের মধ্যে বিদেশে স্বেচ্ছানির্বাসনে থাকা দেশটির সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদও রয়েছেন। এ ছাড়া বহিষ্কার করা ইয়ামিনের দল ত্যাগ করা ১২ জন আইনপ্রণেতাকে স্বপদে ফিরিয়ে আনার আদেশও দেন আদালত। এই ১২ জন আইনপ্রণেতার ওপর থেকে বহিষ্কারাদেশ ফিরিয়ে নেওয়া হলে ৮৫ সদস্যের আইনসভায় সংখ্যাগরিষ্ঠতা হারাবে সরকারি দল। কিন্তু ইয়ামিনের সরকার আদালতের এ আদেশ প্রত্যাখ্যান করলে শুরু হয় রাজনৈতিক সংকট।
আদালতের নির্দেশ অমান্য করায় সুপ্রিম কোর্ট প্রেসিডেন্ট ইয়ামিনকে গ্রেপ্তার কিংবা অভিশংসনের নির্দেশ দিতে যাচ্ছেন বলে সরকারের কাছে খবর আসে। এর পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টের নির্দেশ অগ্রাহ্য করতে পুলিশ ও সেনাবাহিনীকে আগাম নির্দেশ দিয়েছেন ইয়ামিন। এই পরিস্থিতিতে দেশটির পার্লামেন্ট ঘেরাও করে সেনাবাহিনী।