সরে গেছে এভারেস্ট
নেপালে গত এপ্রিলের শক্তিশালী ভূমিকম্পের প্রভাবে হিমালয় পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট দক্ষিণ-পশ্চিমে এক ইঞ্চির সামান্য বেশি পরিমাণে সরে গেছে। তবে পর্বতচূড়াটির উচ্চতায় কোনো পরিবর্তন হয়নি। চীনের এক গবেষণা প্রতিবেদনে গতকাল মঙ্গলবার এসব কথা জানানো হয়। খবর এএফপির।
চীনের জাতীয় জরিপ, মানচিত্র ও ভূতাত্ত্বিক তথ্য প্রশাসনের গবেষকেরা দেখতে পান, নেপাল ও চীনের সীমানাজুড়ে অবস্থানকারী মাউন্ট এভারেস্টের উত্তর-পূর্বমুখী সরে যাওয়ার প্রবণতা রিখটার স্কেলে ৭ দশমিক ৮ মাত্রার সাম্প্রতিক ভূমিকম্পের প্রভাবে বিপরীতমুখী হয়ে গেছে।
গবেষণা প্রতিবেদনে আরও বলা হয়, এক দশক ধরে এভারেস্ট বছরে চার সেন্টিমিটার গতিতে উত্তর-পূর্বে মোট ৪০ সেন্টিমিটার সরেছে। এ সময়ের মধ্যে পর্বতচূড়াটির উচ্চতা তিন সেন্টিমিটার বেড়েছে।
যুক্তরাষ্ট্রের কলোরাডো বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ববিদ্যার অধ্যাপক রজার বিলহ্যাম বলেন, এভারেস্টের পরিবর্তনের প্রতি এত বেশি গুরুত্ব দেওয়ার কিছু নেই।