সরে দাঁড়ালেন তাইওয়ানের প্রধানমন্ত্রী

নির্বাচনে হেরে পদত্যাগ করেছেন তাইওয়ানের প্রধানমন্ত্রী জিয়াং ই-হুয়াহ। আজ শনিবার তাঁর দল ক্ষমতাসীন কুয়োমিনট্যাং (কেএমটি) পার্টির স্থানীয় নির্বাচনে ভরাডুবির পর তিনি এ ঘোষণা দেন।
দলের পরাজয়ের দায় স্বীকার করে এক সংবাদ সম্মেলনে জিয়াং ই-হুয়াহ বলেন, দলের ভরাডুবিতে রাজনৈতিক দায় তাঁর।
নির্বাচনের বেসরকারি ফলাফলে দেখা যায়, তাইওয়ানের ছয়টি মিউনিসিপ্যালিটির মধ্যে পাঁচটিতেই পরাজয় হয়েছে চীনপন্থী কেএমটি পার্টির। কেবল নিউ তাইপেইতে এগিয়ে আছে দলটি। তাঁর পদত্যাগপত্র প্রেসিডেন্ট মা ইং-জিয়াও গ্রহণ করেছেন বলেও জানান তিনি।
জিয়াং বলেন, ‘জনগণ সরকারের কর্মকাণ্ডে সন্তুষ্ট নয়। এটাই নির্বাচনের ফলাফলে প্রতিফলিত হয়েছে। সুতরাং আমি রাজনৈতিক দায় নিয়েই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। প্রেসিডেন্ট মা ইং আমার পদত্যাগপত্র গ্রহণ করেছেন।’
১৯৪৯ সালে গৃহযুদ্ধের পর চীন থেকে পৃথক হয় তাইওয়ান। এর পর থেকে বেইজিং তাইওয়ানকে নিজেদের অংশ বলে দাবি করে আসছে। এএফপি।