সর্বশেষ জরিপে নেতানিয়াহু পিছিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসরায়েলের সাধারণ নির্বাচন সামনে রেখে সর্বশেষ মতামত জরিপ গতকাল শুক্রবার প্রকাশ করা হয়েছে। নির্বাচনের মাত্র কয়েক দিন আগে প্রকাশিত এই জরিপে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দল লিকুদ পার্টি পিছিয়ে রয়েছে। খবর এএফপির।
ইসরায়েলের শীর্ষ দৈনিক ইয়েদিত আহরনোত পত্রিকা এ জরিপ চালিয়েছে। জরিপে ১ হাজার ৩২ জনকে অন্তর্ভুক্ত করা হয়। সর্বশেষ এ জরিপের ফল অনুযায়ী লিকুদ পার্টির প্রধান প্রতিদ্বন্দ্বী মধ্যবামপন্থী দল জায়োনিস্ট ইউনিয়ন জোট ১২০ আসনের পার্লামেন্টে ২৬টি আসন পেতে পারে। নেতানিয়াহুর লিকুদ পার্টি পেতে পারে ২২টি আসন। এ ছাড়া প্রধান আরব দলগুলোর নবগঠিত জোট ‘জয়েন্ট লিস্ট’ ১৩ আসন পেয়ে তৃতীয় স্থান অর্জন করতে পারে।
এদিকে জেরুজালেম পোস্ট ও মারিভ পত্রিকার যৌথ উদ্যোগে করা আরেক জরিপের ফলেও প্রথম দল দুটির মধ্যে চার আসনের ব্যবধান থাকতে পারে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে। আগামী মঙ্গলবার অনুষ্ঠিত হবে ইসরায়েলের সাধারণ নির্বাচন।