সর্বাত্মক প্রতিরোধের ডাক ফাতাহর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতির প্রতিবাদে গতকাল লেবাননের বৈরুতে মার্কিন দূতাবাসের বাইরে আগুন জ্বেলে বিক্ষোভ করে লোকজন। তাদের ছত্রভঙ্গ করতে জলকামান ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে নিরাপত্তা বাহিনী l ছবি: এএফপি
জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতির প্রতিবাদে গতকাল লেবাননের বৈরুতে মার্কিন দূতাবাসের বাইরে আগুন জ্বেলে বিক্ষোভ করে লোকজন। তাদের ছত্রভঙ্গ করতে জলকামান ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে নিরাপত্তা বাহিনী l ছবি: এএফপি

জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে যুক্তরাষ্ট্রের স্বীকৃতির পর শুরু হওয়া বিক্ষোভ দিনে দিনে তীব্র হচ্ছে। ফিলিস্তিনে গতকাল রোববার বিক্ষোভ হয়েছে টানা চতুর্থ দিনের মতো। এ ছাড়া গতকালও বিক্ষোভ হয়েছে মুসলিম বিশ্বের বিভিন্ন দেশে। এর মধ্যে লেবাননের রাজধানী বৈরুতে মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভে সহিংসতায় আহত হয়েছেন বেশ কয়েকজন।

মার্কিন প্রেসিডেন্টের ঘোষণার পরদিন গত বৃহস্পতিবার নতুন ইন্তিফাদার (গণ-অভ্যুত্থান) ডাক দিয়েছিল ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপর সর্বাত্মক প্রতিরোধের ডাক দিল ফাতাহ। স্বাধীনতাকামী এই দলের হাতে এখন ফিলিস্তিনের শাসনক্ষমতা।

ফাতাহর বিবৃতি বলা হয়, প্রতিবাদ অব্যাহত রাখতে হবে। পশ্চিম তীরের যেখানেই ইসরায়েলি সেনাদের উপস্থিতি পাওয়া যাবে, সেখানেই মোকাবিলা করতে হবে।
গতকাল লেবাননের রাজধানী বৈরুতে মার্কিন দূতাবাসের কাছে বড় ধরনের বিক্ষোভের আয়োজন করা হয়। বিক্ষোভকারীদের হাতে ছিল ফিলিস্তিনের পতাকা। তারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে স্লোগান দেয়।

বিবিসি জানায়, মার্কিন দূতাবাসে প্রবেশের প্রধান সড়কে ব্যারিকেড দেয় নিরাপত্তা বাহিনী। ফলে প্রতিবাদকারীদের সঙ্গে লেবাননের নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ হয়। বিক্ষোভকারীরা সড়কে টায়ারে আগুন ধরিয়ে প্রতিবাদ করতে থাকে। তারা নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে ইটপাটকেল মারে। প্রতিবাদকারীদের হটাতে নিরাপত্তা বাহিনী কাঁদানে গ্যাসের শেল ও জলকামান ব্যবহার করে।

হামাস নতুন করে ইন্তিফাদার ডাক দেওয়ার পরপরই এতে সমর্থন দেয় লেবাননের সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হিজবুল্লাহ। এর নেতা হাসান নসরুল্লাহ আজ সোমবার বৈরুতের দক্ষিণাংশে বিক্ষোভের ডাক দিয়েছেন।

ফিলিস্তিনেও গতকাল বিক্ষোভ হয় চতুর্থ দিনের মতো। বিক্ষোভকারীদের ওপর ইসরায়েলি হামলাও অব্যাহত রয়েছে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত তিন দিনে গুলি, রাবার বুলেট এবং কাঁদানে গ্যাস হামলায় ১ হাজার ১০০–এর বেশি লোক আহত হয়েছে।

ইসরায়েলি কর্তৃপক্ষ গতকাল জানিয়েছে, গাজা থেকে তাদের ভূখণ্ডে আসা একটি গোপন সুড়ঙ্গ ধ্বংস করা হয়েছে। ইসরায়েলি আগ্রাসনের পরিপ্রেক্ষিতে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান দেশটিকে ‘সন্ত্রাসী রাষ্ট্র’ হিসেবে অভিহিত করেছেন।

গতকাল আরও বিক্ষোভ হয়েছে ইন্দোনেশিয়ার জাকার্তা, আফগানিস্তানের জালালবাদ, তুরস্কের আঙ্কারা ও ইস্তাম্বুল এবং মিসরে আল-আজহার বিশ্ববিদ্যালয়ে।

ফিলিস্তিন পরিস্থিতি নিয়ে শনিবার রাতে মিসরের রাজধানী কায়রোতে আরব লিগভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের জরুরি বৈঠক হয়। সেখানে নেওয়া এক প্রস্তাবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি আহ্বান জানানো হয়েছে, তিনি যেন জেরুজালেমকে ইসরায়েলের রাজধানীর স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত বাতিল করেন। পরে এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তের নিন্দা জানিয়ে বলা হয়, এই স্বীকৃতি দেওয়ার মাধ্যমে মধ্যপ্রাচ্যের শান্তি উদ্যোগের মধ্যস্থতাকারী হিসেবে যুক্তরাষ্ট্র তার গ্রহণযোগ্যতা হারিয়েছে। মার্কিন সিদ্ধান্তের নিন্দা জানানোর জন্য আরব লিগ জাতিসংঘ নিরাপত্তা পরিষদে প্রস্তাব তোলার চেষ্টা করবে বলে বিবৃতিতে বলা হয়েছে।

যুক্তরাষ্ট্রের স্বীকৃতির প্রতিবাদে মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের মিসর সফরের সময় তাঁর সঙ্গে বৈঠক বাতিল করেছে দেশটির কপটিক পোপ। আর কায়রোর আল–আজহার মসজিদের প্রধান ইমাম আহমেদ আল-তায়েব জানিয়েছেন, তিনিও পেন্সের সঙ্গে সাক্ষাৎ করবেন না। ২০ ডিসেম্বর পেন্সের কায়রো সফরের কথা রয়েছে।