সশস্ত্র পাহারায় জং-নামের লাশ, মালয়েশিয়ায় সতর্কতা
উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের সৎভাই কিম জং-নামের মরদেহ গতকাল মঙ্গলবারও কুয়ালালামপুরের মর্গে সশস্ত্র রক্ষীরা পাহারা দিয়ে রেখেছিলেন। মালয়েশিয়ার কর্মকর্তারা বলেন, নিহত ব্যক্তির পরিবারের কেউ সেখানে গিয়ে লাশ দাবি করেননি।
জং-নামের লাশ নিয়ে পিয়ংইয়ং ও কুয়ালালামপুরের মধ্যে কূটনৈতিক বিতর্ক শুরু হয়েছে। উত্তর কোরিয়া লাশটি ফেরত চেয়েছিল। এ ছাড়া ময়নাতদন্তেরও বিরোধিতা করেছিল। কুয়ালালামপুরের বিমানবন্দরে ১৩ ফেব্রুয়ারি জং-নাম নিহত হন। দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যম বলছে, উত্তর কোরিয়ার দুই নারী গুপ্তচর বিষপ্রয়োগে জং-নামকে হত্যা করেন।
উত্তর কোরিয়ার অনুরোধ সত্ত্বেও মালয়েশিয়া জং-নামের লাশ ফেরত দেয়নি। তারা বলছে, নিহত ব্যক্তির পরিবারের কেউ ডিএনএ নমুনা দিয়ে শনাক্ত করার পরই লাশ নিতে পারবেন। মৃত্যুর কারণ এখনো অজানা। লাশ পরীক্ষা-নিরীক্ষার ফলাফলের অপেক্ষা করছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
স্থানীয় সংবাদমাধ্যম ও গোয়েন্দা সূত্রগুলো জানায়, জং-নামের ছেলে কিম হান-সোল ম্যাকাও থেকে গত সোমবার লাশ নিতে কুয়ালালামপুরে গেছেন। তবে এএফপি তাঁর উপস্থিতি সম্পর্কে নিশ্চিত হতে পারেনি। মালয়েশিয়ার বিশেষ নিরাপত্তা বাহিনীর বেশ কয়েকজন সদস্য গতকাল সকালে ওই মর্গের আশপাশে অবস্থান নিয়েছেন।
কুয়ালালামপুরে নিযুক্ত উত্তর কোরীয় রাষ্ট্রদূত কাং চোল মালয়েশিয়ার পুলিশের তদন্তের সমালোচনা করে বলেন, এটা রাজনৈতিক উদ্দেশ্যমূলক। দক্ষিণ কোরিয়ার মদদে মালয়েশিয়া চক্রান্ত শুরু করেছে। কূটনৈতিক পাসপোর্টধারী ব্যক্তির লাশ দাবি করার অধিকার দূতাবাসের আছে।