সাংবাদিকদের প্রশ্ন করা শিখতে হবে!
সাংবাদিকদের প্রশ্ন করা শেখাবে সরকার। এ জন্য ২০০ দেশি-বিদেশি সাংবাদিকের সঙ্গে বৈঠকের আয়োজন করছে থাইল্যান্ডের সেনাশাসিত সরকার। খবর আল-জাজিরার।
সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, ‘গঠনমূলক প্রশ্ন’ করা এবং ‘তথ্য বিকৃতি রোধ’ করতে সাংবাদিকদের শিক্ষা দেওয়া হবে। সরকারের লেফটেন্যান্ট জেনারেল সুচার্ত পংপুত বলেন, ‘সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে থেকে আমার প্রতি কোনো নির্দেশ নেই। তবে গণমাধ্যমের সঙ্গে উন্নত সম্পর্ক এবং পারস্পরিক বোঝাপড়া বাড়ানো আমার দায়িত্বের অংশ। বৈঠকে সাংবাদিক, পুলিশ ও সামরিক বাহিনীর কর্মকর্তারা উপস্থিত থাকবেন। সাংবাদিকদের প্রশ্নের কারণে একাধিক দ্বন্দ্ব তৈরি হওয়ার পরিপ্রেক্ষিতেই এ সভার আয়োজন।’ তিনি বলেন, এমন সমস্যা ভবিষ্যতে তৈরি হোক, আমরা তা চাই না।
অনুষ্ঠেয় সভায় কোন সাংবাদিকদের ডাকা হবে সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। গত ২২ মে থাইল্যান্ডের সেনাশাসিত সরকার ক্ষমতায় আসার এক বছর পূর্ণ করল। ভিন্নমতকে দমন করতে ইতিমধ্যেই বেশ ‘সফলতা’ দেখিয়েছে সরকার। গত এক বছরে সেনাশাসিত সরকারের বিরুদ্ধে উচ্চকণ্ঠ কয়েক শ মানবাধিকারকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গণমাধ্যমের ওপর সরকারি নিয়ন্ত্রণ দিন দিন বাড়ছে।
মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া বিভাগের সহকারী পরিচালক ফিল রবার্টসন আসন্ন বৈঠককে ‘ভয় দেখানোর একটি কৌশল’ হিসেবে আখ্যায়িত করেছেন।