সাংবাদিকের শিরশ্ছেদের ভিডিও ছাড়ল আইএস

ইরাকের ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিরা একটি ওয়েবসাইটে এক মার্কিন সাংবাদিকের শিরশ্ছেদ করার দৃশ্য হিসেবে দাবি করা ভিডিও প্রকাশ করেছে। মঙ্গলবার প্রচারিত ভিডিওতে দেখানো সাংবাদিকের নাম জেমস ফলি। আইএস জঙ্গিদের ওপর মার্কিন বিমান হামলার শোধ নিতেই তাঁকে হত্যা করা হয়েছে বলে ভিডিওতে জানায় জঙ্গিরা। খবর এএফপি ও বিবিসির।
আরেকজন মার্কিন সাংবাদিক তাদের হাতে বন্দী আছে উল্লেখ করে জঙ্গিরা বলছে, তাদের যোদ্ধাদের ওপর আবার মার্কিন বিমান হামলা চালানো হলে তাঁকেও হত্যা করা হবে। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ফিলিপ হ্যামন্ড বলেছেন, ভিডিওতে ফলির পাশে থাকা জঙ্গি দৃশ্যত একজন ব্রিটিশ।
হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়েছে, মার্কিন গোয়েন্দারা সাংবাদিকের শিরশ্ছেদ করার ভিডিওটির সত্যতা যাচাই করছেন। ‘যুক্তরাষ্ট্রের কাছে একটি বার্তা’ শিরোনামে প্রায় পাঁচ মিনিটের ওই ভিডিওতে দেখা যায়, খোলা মরুভূমিতে কমলা রঙের পোশাক পরা ফলির চেহারারই এক ব্যক্তি হাঁটু গেড়ে আধা বসা ভঙ্গিতে। তাঁর পাশে মুখোশ পরা এক জঙ্গি। ফলি পরিবারের উদ্দেশে শেষ কথা বলেন। এরপর ওই জঙ্গি তাঁর শিরশ্ছেদ করে।
গতকাল বিবিসিকে পররাষ্ট্রমন্ত্রী ফিলিপ হ্যামন্ড বলেন, ফলির শিরশ্ছেদ করা জঙ্গি একজন ব্রিটিশ নাগরিক বলেই মনে হচ্ছে। তিনি বলেন, যুক্তরাজ্য এ বিষয়ে অবগত যে কিছুসংখ্যক ব্রিটিশ নাগরিক আইএস ও অন্য জঙ্গিদের সঙ্গে নৃশংস কর্মকাণ্ডে লিপ্ত রয়েছে।
ভিডিওটি প্রকাশের পর জেমস ফলির মা এক বার্তায় বলেন, ‘সিরিয়ার মানুষের দুর্দশা বিশ্বের কাছে তুলে ধরতে গিয়ে আমার ছেলে জীবন উৎসর্গ করেছে।’
২০১২ সালের নভেম্বরে সিরিয়ায় অস্ত্রধারীদের হাতে অপহৃত হয়েছিলেন ৪০ বছর বয়সী ফলি। ভিডিওটির শেষ দিকে আইএসের হাতে বন্দী আরেকজনকে দেখানো হয়। তিনি মার্কিন সাংবাদিক স্টিভেন সটলফ বলে দাবি করেছে জঙ্গিরা।