সাইবার হামলায় উৎপাদন বন্ধ ক্যাডবেরির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারা বিশ্বে সংঘটিত হওয়া বড় ধরনের সাইবার হামলার শিকার হয়েছে অস্ট্রেলিয়ার ক্যাডবেরি চকলেট ফ্যাক্টরি। এবারই অস্ট্রেলিয়ার কোনো কোম্পানি প্রথম সাইবার হামলার শিকার হলো। এতে উৎপাদন কার্যক্রম বন্ধ রেখেছে তারা। আজ বুধবার প্রতিষ্ঠানটির শ্রম সংগঠন এই তথ্য জানায়।

গতকাল মঙ্গলবার রাতে বড় ধরনের সাইবার হামলার শিকার হয় বিশ্ব। বিভিন্ন দেশের অনেক প্রতিষ্ঠান ও সংস্থা এই হামলার শিকার হয়েছে। এর মধ্যে অস্ট্রেলিয়ার ক্যাডবেরি চকলেট ফ্যাক্টরিও রয়েছে। গত মাসেই একযোগে ৭৪টি দেশে সাইবার হামলার পর এটাই সবচেয়ে বড় হামলা বলে মনে করা হচ্ছে। এবারও ওয়ানাক্রাই র‍্যানসমওয়্যার দিয়ে এই হামলা হয়েছে।

গতকাল রাতে সাইবার হামলার পর কম্পিউটার সিস্টেম নষ্ট হয়ে যাওয়ায় তাসমানিয়া অঙ্গরাজ্যে অবস্থিত নিজেদের কারখানায় উৎপাদন বন্ধ রাখে ক্যাডবেরি। ফ্যাক্টরির শ্রম সংগঠনের স্টেট সেক্রেটারি জন সর্ট বলেন, ‘ফ্যাক্টরি শ্রমিকেরা নিশ্চিত ছিল না—ঠিক কী হচ্ছে। কিছুক্ষণ পর তারা বুঝতে পারে, সারা বিশ্বেই কোনো বড় ধরনের হামলা হয়েছে।’

মনডেলজ ইন্টারন্যাশনাল ইনকরপোরেশনের অধীনে পরিচালিত হয় ক্যাডবেরি চকলেট ফ্যাক্টরি। মনডেলজ ইন্টারন্যাশনাল ইনকরপোরেশন রাতেই নিজেদের কর্মীদের এক বিবৃতিতে জানায়, সারা বিশ্বের বিভিন্ন জায়গায় কারিগরি ত্রুটি দেখা যাচ্ছে। তবে এটা পরিষ্কার নয়—সাইবার হামলার জন্যই এমনটি হচ্ছে কি না।

তাসমানিয়ার ওই ফ্যাক্টরিতে ৫০০ কর্মী রয়েছেন। বছরে প্রায় ৫০ হাজার টন চকলেট উৎপাদন হয় এখানে। যার বেশির ভাগই সরবরাহ হয় অস্ট্রেলিয়ায়। আজ সকালেও উৎপাদন কার্যক্রম বন্ধ রাখে ক্যাডবেরি। কখন এটি পুনরায় চালু করা সম্ভব হবে, তা এখনো বলা যাচ্ছে না বলে জানান জন সর্ট।

গতকাল নতুন এই হামলার শিকার হয়েছে রাশিয়ার তেল কোম্পানি, ইউক্রেনের রাষ্ট্রীয় বিদ্যুৎ কোম্পানি ও রাজধানী কিয়েভের প্রধান বিমানবন্দরও হামলার মুখে পড়েছে। তারাই মূলত হামলার বিষয়টি প্রথম প্রকাশ করে।