সাগরে আটকে পড়াদের মূত্র পান করতে হচ্ছে!

থাইল্যান্ডের দক্ষিণ উপকূলের আন্দামান সাগরে নৌকায় ভাসতে থাকা অভিবাসীরা খাদ্য ও পানির তীব্র সংকটে রয়েছে। তাদের দুর্দশা এমন পর্যায়ে পৌঁছেছে যে, অনেককে বেঁচে থাকার জন্য মূত্র পান করতে হচ্ছে। সরেজমিনে দেখে বিবিসির সংবাদদাতা জনাথান হেড এমনটাই দাবি করেছেন। বিবিসি বাংলার খবরে এ কথা বলা হয়েছে।
খবরে বলা হয়, এসব মানুষকে অবৈধভাবে সমুদ্রপথে থাইল্যান্ড হয়ে মালয়েশিয়ায় পাচার করা হচ্ছিল। থাইল্যান্ড ও মালয়েশিয়াসহ বিভিন্ন দেশ এই অবৈধ অভিবাসীদের ঠেকাতে যে কঠোর অবস্থান নিয়েছে, তার ফলে তারা এখন মারাত্মক দুর্দশায় পড়েছে।
বিবিসির সংবাদদাতা জনাথান হেড সাগরে ভাসতে থাকা এমন একটি ট্রলার সরেজমিনে দেখতে গিয়েছিলেন। ফিরে এসে তিনি তাঁর অভিজ্ঞতার বর্ণনা দেন। তিনি জানান, থাইল্যান্ড উপকূলের অদূরে আন্দামান সাগরে মাছ ধরার একটি ট্রলারে তিনি প্রায় ৩৫০ জনকে দেখেছেন। তাদের অনেকে এক সপ্তাহ ধরে খাদ্য ও পানীয়ের অভাবে নিজেদের মূত্র পান করে বেঁচে থাকার চেষ্টা করছে।
বিবিসির এই সংবাদদাতা যখন একটি ইঞ্জিনচালিত নৌকায় করে ট্রলারটির কাছাকাছি যান, তখন তিনি দেখতে পান সেটি খুবই পুরোনো একটি মাছ ধরার নৌকা। সেখানে গাদাগাদি করে ৩৫০ জনের মতো নারী, পুরুষ ও শিশু রয়েছে। তাদের অধিকাংশই রোহিঙ্গা। তারা জানিয়েছে, দুই মাস ধরে তারা এই ট্রলারে রয়েছে। কিন্তু ছয় দিন আগে নৌকার চালক ও কর্মচারীরা ইঞ্জিন অকেজো করে পালিয়ে গেলে এই করুণ অবস্থার মধ্যে পড়ে তারা। জনাথন খবর পান, খাদ্য ও পানির অভাবে ওই নৌকার ১০ জন মানুষ ইতিমধ্যে মারা গেছে।
জনাথন যখন ট্রলারটির কাছে পৌঁছান, তখন ট্রলারটি থেকে খাবার ও পানি চেয়ে লোকজন আকুতি জানাচ্ছিল। তিনি দাবি করেন, তিনি পরিষ্কার দেখতে পাচ্ছিলেন লোকজন বোতলে ভরা নিজেদের মূত্র পান করছিল।
থাই নৌবাহিনীর একজন কর্নেল জনাথনকে জানিয়েছেন, এই অভিবাসীরা মালয়েশিয়া যেতে চেয়েছিল। যদি তারা ফিরে যেতে রাজি হয়, তাহলে থাইল্যান্ড তাঁদের খাবার, পানি ও চিকিৎসা সহায়তা দেবে।