সাগরে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন
ফাইল ছবি: রয়টার্স

উত্তর কোরিয়া সাগরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে ধারণা করা হচ্ছে। আজ বুধবার এ পরীক্ষা চালানো হয়। দক্ষিণ কোরিয়া ও জাপান এ তথ্য জানিয়েছে।

বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, চলতি বছরে এই প্রথম এমন কোনো পদক্ষেপ নিল উত্তর কোরিয়া।
উত্তর কোরিয়ার নেতা কিম জং–উন ১০ বছর ধরে ক্ষমতায় রয়েছেন। ক্ষমতায় আসার পর থেকেই সামরিক প্রযুক্তি উন্নয়নে কাজ করছেন তিনি। তবে এমন পদক্ষেপের কারণে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মুখে পড়তে হয়েছে দেশটিকে।

করোনাভাইরাস মহামারির কারণে উত্তর কোরিয়ার অর্থনীতি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। খাদ্য মজুত করতেও দেশটিকে হিমশিম খেতে হচ্ছে। জাতিসংঘের পক্ষ থেকে গত অক্টোবরে বলা হয়েছিল, দুর্ভিক্ষের ঝুঁকিতে রয়েছে দেশটি। কিন্তু এরপরও ২০২১ সালে বেশ কিছু অস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া।

এদিকে বছরের শুরুতে নতুন ঘোষণা দিয়েছিলেন কিম জং–উন। তিনি বলেছিলেন, নতুন বছরে গুরুত্ব পাবে খাদ্যনিরাপত্তা ও অর্থনীতি। কিন্তু বছর শুরুর এক সপ্তাহ না পেরোতেই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলেন কিম জং–উন।

দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, কোরীয় দ্বীপের পূর্বদিকে সাগরে যা নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া, তা ‘ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বলে মনে হচ্ছে’। স্থানীয় সময় সকাল ৮টা ১০ মিনিটে এটি নিক্ষেপ করা হয়।

উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর জরুরি বৈঠকে বসেছিল দক্ষিণ কোরিয়ার নিরাপত্তা পরিষদ। এরপর একটি বিবৃতি দিয়েছে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জে-ইনের কার্যালয়। এতে বলা হয়েছে, এই অস্ত্র নিক্ষেপের ঘটনায় দক্ষিণ কোরিয়া উদ্বিগ্ন।

জাপান সরকারও এ নিয়ে হতাশা প্রকাশ করেছে। দেশটির প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা বলেন, ধারণা করা হচ্ছে, এটি একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। তিনি বলেন, এটি সত্যি দুঃখজনক যে গত বছর থেকে উত্তর কোরিয়া নিয়মিত ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে।