সাগরে ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

সাগরে ছয়-ছয়টি স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া। চতুর্থ দফায় পারমাণবিক বোমার পরীক্ষা চালানোর জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদ উত্তর কোরিয়ার বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করার কয়েক ঘণ্টার মধ্যেই গতকাল বৃহস্পতিবার ক্ষেপণাস্ত্র ছুড়ে দৃশ্যত এর জবাব দিল দেশটি। খবর বিবিসির।
প্রতিবেশী দেশ দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রকেট বা নিয়ন্ত্রিত ক্ষেপণাস্ত্র—এমন ছয়টি ক্ষেপণাস্ত্র ছোড়ে উত্তর কোরিয়া। এগুলো উত্তর কোরিয়ার পূর্ব উপকূল থেকে ১০০ থেকে ১৫০ কিলোমিটার দূরে গিয়ে পড়ে।
সাধারণত কোনো আন্তর্জাতিক চাপে পড়লে সামরিক শক্তির জানান দিতে উত্তর কোরিয়া কোনো না কোনো পরীক্ষা চালায়। সেই বিবেচনায় বলা হচ্ছে, এবারের ক্ষেপণাস্ত্র ছোড়া এরই ধারাবাহিকতা। 

সাত সপ্তাহের আলোচনার পর গত বুধবার রাতে নিরাপত্তা পরিষদ সদস্যদের সর্বসম্মতিতে উত্তর কোরিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপ করে। এ নিষেধাজ্ঞা কমিউনিস্ট দেশটির বিরুদ্ধে এ পর্যন্ত আরোপিত সবচেয়ে কঠোর নিষেধাজ্ঞা। তবে উত্তর কোরিয়ার মিত্র চীন ও রাশিয়া ওই নিষেধাজ্ঞা মেনে চলে কি না, সেটাই এখন দেখার বিষয়। এবার নতুন কিছু ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো, সদস্যরাষ্ট্রগুলোকে উত্তর কোরিয়ায় আসা-যাওয়া করা মালবাহী নৌযান তাদের বন্দরে কঠোরভাবে পরীক্ষা করতে হবে। উত্তর কোরিয়া থেকে কয়লা, আকরিক লোহা এবং অন্যান্য খনিজদ্রব্য আমদানি নিষিদ্ধ করা হয়েছে। নিরাপত্তা পরিষদের সদস্যরাষ্ট্রগুলোর জন্য উত্তর কোরিয়ায় রকেটের জ্বালানি সরবরাহও বন্ধ করে দেওয়া হয়েছে। 

জাতিসংঘের এই নিষেধাজ্ঞা আরোপকে ‘কঠোর, সমন্বিত এবং যথাযথ’ বলে উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। নিষেধাজ্ঞাকে স্বাগত জানিয়ে  তিনি বলেছেন, ‘আন্তর্জাতিক সম্প্রদায় পিয়ংইয়ংকে একটি ছোট বার্তা দিতে চায়; সেটি হলো, তাদের এসব ভয়াবহ কর্মসূচি বাদ দিতে হবে। ভালো পথে আসতে হবে।’