সাতসকালেই ১০ ফিলিস্তিনিকে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইসরায়েলি হামলায় বিধ্বস্ত ভবনের ধ্বংসস্তূপ থেকে রোববার এক ফিলিস্তিনি শিশুর লাশ উদ্ধার করা হয়।  ছবি: এএফপি
ইসরায়েলি হামলায় বিধ্বস্ত ভবনের ধ্বংসস্তূপ থেকে রোববার এক ফিলিস্তিনি শিশুর লাশ উদ্ধার করা হয়। ছবি: এএফপি

গাজা উপত্যকায় ইসরায়েলের বর্বর হামলায় আজ সোমবার সাতসকালেই ঝরে গেছে ১০ জন ফিলিস্তিনির প্রাণ।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানানো হয়, গত ৮ জুলাই থেকে গাজায় শুরু হওয়া ইসরায়েলের বর্বর হামলায় এক হাজার ৮২২ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। তাদের অধিকাংশ বেসামরিক নাগরিক। এর মধ্যে অনেক নারী ও শিশু রয়েছে।

গাজার জরুরি সেবা বিভাগের মুখপাত্র আশরাফ আল কুদরা জানান, আজ ভোর হতে না হতে ইসরায়েলের হামলায় জাবালিয়ায় পাঁচজন, জিতুন ও শেখ রাদওয়ানে তিনজন এবং নুসিরাত ও রাফায় দুজন নিহত হয়েছে।

২৮ দিন ধরে গাজায় ইসরায়েলের হামলায় আহত হয়েছে নয় সহস্রাধিক মানুষ। এ ছাড়া লাখো ফিলিস্তিনি হয়েছে বাস্তুচ্যুত।

ইসরায়েলের সামরিক বাহিনীর দাবি, এ পর্যন্ত তারা গাজায় চার হাজার ৬৮৬টি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। একই সময় গাজা থেকে দুই হাজার ৫৬০টি রকেট ও মর্টার শেল ছুড়েছে হামাস। প্রায় চার সপ্তাহে ইসরায়েলের ৬৪ জন সেনা ও দুই বেসামরিক নাগরিক নিহত হয়েছে।

গাজা থেকে হামাস রকেট ছুড়ছে—এই অজুহাত তুলে ৮ জুলাই ‘অপারেশন প্রটেক্টিভ এজ’ নামের সামরিক অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী।