সানায় ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে বিমান হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইয়েমেনের রাজধানী সানায় গতকাল সোমবার একটি ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে বিমান হামলা চালিয়েছে সৌদি আরবের নেতৃত্বাধীন জোট। এরপর সেখানে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। স্থানীয় ব্যক্তিরা জানিয়েছেন, হামলা ও পরে বিস্ফোরণে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। এঁরা সবাই বেসামরিক নাগরিক। খবর রয়টার্সের।
রাজধানীর হাদ্দা এলাকার কাছে ফাজ আত্তান পর্বতে ওই ক্ষেপণাস্ত্র ঘাঁটিটি অবস্থিত। ওই এলাকায় প্রেসিডেন্ট প্রাসাদসহ অনেক দূতাবাস রয়েছে। স্থানীয় বাসিন্দা আদেল মনসুর বলেন, তিন সপ্তাহেরও বেশি সময় ধরে সৌদি আরবের নেতৃত্বাধীন জোটের বিমান হামলা শুরু হওয়ার পর এটাই সবচেয়ে বড় ধরনের বিস্ফোরণ। তিনি বলেন, ‘বিস্ফোরণের বিকট শব্দে আমার বাড়ির জানালা চূর্ণবিচূর্ণ হয়ে গেছে। তীব্র বিস্ফোরণে আমার সন্তানেরা ভীতসন্ত্রস্ত হয়ে পড়ে এবং আমার এক আত্মীয় অচেতন হয়ে পড়েন।’
সৌদি আরবের নেতৃত্বাধীন সুন্নি আরব দেশগুলোর জোট ইরানি মিত্র শিয়া হুতি বিদ্রোহী ও সাবেক প্রেসিডেন্ট আলী আবদুল্লাহ সালেহর অনুগত সামরিক ইউনিটের বিরুদ্ধে বিমান হামলা চালিয়ে আসছে।