সাফল্য নিয়ে সংশয়ে পর্যবেক্ষকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পাকিস্তানি প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের মধ্যে সদ্য অনুষ্ঠিত বৈঠক নিয়ে অনেকেই উচ্ছ্বসিত। কিন্তু সম্পর্কে টানাপোড়েনের তিক্ত ইতিহাসের কথা মাথায় রেখে দুই নেতার ঘোষিত বড় বড় পদক্ষেপগুলো কতটা বাস্তবের মুখ দেখবে তা নিয়ে চুলচেরা বিশ্লেষণ শুরু হয়েছে।
রাশিয়ার উফা শহরে সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) সম্মেলনের ফাঁকে গত শুক্রবার ওই বৈঠকের পর দেওয়া যৌথ ঘোষণায় সন্ত্রাস নির্মূলে সহযোগিতাসহ পাঁচটি গুরুত্বপূর্ণ পদক্ষেপের কথা বলা আছে।

>রাশিয়ায় মোদি–নওয়াজ বৈঠক:রাশিয়ায় সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) সম্মেলনের ফাঁকে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পাকিস্তানি প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের আলোচিত বৈঠক নিয়ে পর্যবেক্ষকদের মধ্যে নানামুখী বিশ্লেষণ চলছে। বৈঠক শেষে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপের ঘোষণা দেওয়া হলেও তা কতটা বাস্তবায়নযোগ্য তা নিয়ে প্রশ্ন আছে। অন্যদিকে বলা হচ্ছে, বৈঠকের সিদ্ধান্ত কতটা কার্যকর তার একটা প্রমাণ হবে পশ্চিম সীমান্তের পরিস্থিতি

এর মধ্যে রয়েছে দুই দেশের সেনা কর্মকর্তাদের মধ্যে সংলাপ, উভয় দেশের কারাগারে আটক থাকা জেলেদের মুক্তি, তীর্থ পর্যটন সম্প্রসারণ এবং আলোচিত মুম্বাই সন্ত্রাসী হামলার বিচার এগিয়ে নেওয়ার মতো বিষয়। পাশাপাশি ২০১৬ সালে ইসলামাবাদে নির্ধারিত সার্ক শীর্ষ সম্মেলনে অংশ নিতে নওয়াজের আমন্ত্রণ মোদির গ্রহণের বিষয়টিও একটি বড় ইতিবাচক দিক।
প্রতিবেশী দেশ দুটির মধ্যে সম্পর্ক প্রায় জন্ম থেকেই তিক্ত। ১৯৪৭ সালে স্বাধীনতা লাভের পর থেকে এ পর্যন্ত চার-চারটি যুদ্ধ হয়েছে ভারত ও পাকিস্তানের মধ্যে।
শুক্রবারের বহুল আলোচিত বৈঠকে বা বৈঠক শেষে দেওয়া যৌথ ঘোষণায় কাশ্মীর প্রসঙ্গটি আদৌ না ওঠায় পাকিস্তানি প্রধানমন্ত্রী নওয়াজকে দেশে তোপের মুখে পড়তে হয়েছে। দেশটির রাজনীতিবিদদের পাশাপাশি গণমাধ্যমও তুলোধুনো করছে তাঁকে। অন্যদিকে, ভারতীয় প্রধানমন্ত্রী মোদির অবস্থাও একই। যে মোদি একসময় পাকিস্তান প্রশ্নে অত্যন্ত কঠোর অবস্থানে ছিলেন, হঠাৎ করেই তিনি ‘সুর নরম করায়’ অনেকেই বিস্মিত। বিরোধী দল কংগ্রেসের নেতা মনীশ তিওয়ারি বলেন, ‘এঁরা তাঁরাই, যাঁরা একদা বলেছিলেন— সন্ত্রাসবাদ ও সংলাপ একসঙ্গে চলতে পারে না। সেই অবস্থার কি পরিবর্তন হয়েছে?’
২০০৮ সালের যে মুম্বাই সন্ত্রাসী হামলার প্রসঙ্গ যৌথ ঘোষণায় এসেছে, তাতে বিদেশিসহ ১৬৬ জন নিহত হয়েছিলেন। নয়াদিল্লির অভিযোগ, ওই হামলায় জড়িত জঙ্গিদের মদদ দিয়েছিলেন পাকিস্তানের গোয়েন্দারা। ইসলামাবাদ এমন অভিযোগ অস্বীকার করে আসছে। তবে ওই হামলার পরিকল্পনার অংশবিশেষ যে পাকিস্তানের মাটিতেই হয়েছিল, তা স্বীকার করেছে তারা। মুম্বাই হামলার মূল পরিকল্পনাকারী হিসেবে পরিচিত জাকিউর রহমান লাকভিকে গত এপ্রিলে পাকিস্তানের আদালত মুক্তি দেওয়ায় উত্তেজনা আরও বেড়ে যায়।
ভারত-পাকিস্তান সম্পর্কে দীর্ঘ সময় ধরে বিরাজমান এসব সমস্যার পাশাপাশি রয়েছে সাম্প্রতিক সময়ের উভয় দেশের মন্ত্রীদের উসকানিমূলক নানা মন্তব্য। সম্প্রতি মিয়ানমারের সীমান্ত এলাকায় ভারতীয় বাহিনীর জঙ্গিবিরোধী অভিযানের পর মোদি সরকারের মন্ত্রীরা বলেন, ‘প্রয়োজনে পাকিস্তানের ভেতরেও এমন অভিযান চালানো হবে।’ দিনকয়েক আগে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী বলেন, ‘পারমাণবিক অস্ত্রগুলো শুধু প্রদর্শনের জন্য নয়। প্রয়োজন হলে, সেগুলো ব্যবহারও করা হবে।’
গত বছরের মে মাসে নরেন্দ্র মোদির শপথ গ্রহণ অনুষ্ঠানে পাকিস্তানি প্রধানমন্ত্রীর উপস্থিতি শুভ ইঙ্গিত দিলেও, তা পরের মাসগুলোতে আর দৃশ্যমান থাকেনি। এমন নৈরাশ্যকর প্রেক্ষাপটে উফায় মোদি-নওয়াজ বৈঠক কতটা সফলতা বয়ে আনবে, তা নিয়ে সংশয়ে বিশ্লেষকেরা।
নয়াদিল্লিভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান দিল্লি পলিসি গ্রুপের মহাপরিচালক রাধা কুমার বলেন, ‘এ বছর পথটা বেশ আঁকাবাঁকা। এটার (মোদি-নওয়াজ বৈঠকের) ফল কী হবে এবং এসব পদক্ষেপ নেওয়ার পেছনের কারণই বা কী, তা বলা খুবই কঠিন।’