সাবেক জেনারেলকে গুরুত্বপূর্ণ পদে বসালেন সু চি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শোয়ে ম
শোয়ে ম

মিয়ানমারের সাবেক জেনারেল শোয়ে মকে গুরুত্বপূর্ণ পদে বসালেন গণতন্ত্রকামী নেত্রী ও ক্ষমতাসীন ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) প্রধান অং সান সু চি। গতকাল শুক্রবার দেশটির আইন উপদেষ্টা প্যানেলের প্রধান মনোনীত হন তিনি। খবর এএফপির।
এ ছাড়া রাজধানী নেপিডোয় গত বুধবার সন্ধ্যায় সাংবাদিকদের সঙ্গে এক বিরল বৈঠক করেছেন সু চি। বৈঠকে তিনি আভাস দেন, তাঁর দলের পক্ষ থেকে প্রেসিডেন্ট পদের প্রার্থী চূড়ান্ত করতে কিছুটা সময় লাগতে পারে। আগে থেকেই গুঞ্জন চলছে, সু চিকে প্রেসিডেন্ট বানাতে সংবিধানে পরিবর্তন আনতে সেনাবাহিনীর সঙ্গে দেনদরবার করছে এনএলডি। সু চির এমন আভাসে তা আরও জোরালো হলো।
শোয়ে ম বিদায়ী পার্লামেন্টের নিম্নকক্ষের স্পিকার ছিলেন। প্রেসিডেন্ট থেইন সেইনের সেনা-সমর্থিত বর্তমান সরকারের আগে দেশটির স্টেট পিস অ্যান্ড ডেভেলপমেন্ট কাউন্সিলের তৃতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন তিনি। বর্তমান সরকার ২০১১ সালে ক্ষমতা নেওয়ার আগ পর্যন্ত অর্ধ শতাব্দীকাল এ পরিষদই দেশ চালিয়েছে।
পার্লামেন্টের আগের মেয়াদে শোয়ে সু চির ঘনিষ্ঠ হয়ে ওঠেন। তবে নির্বাচনে তিনি এনএলডির প্রার্থীর কাছে হেরে যান। এমপি না হয়েও এখন নির্বাচিত এমপি ও পার্লামেন্টের সংরক্ষিত আসনের সেনাসদস্যদের আইনি পরামর্শ দেবেন তিনি।