সাবেক প্রতিপক্ষ সু চিকে সমর্থন থান শোয়ের

গণতন্ত্রকামী নেত্রী অং সান সু চির প্রতি সমর্থন ব্যক্ত করেছেন মিয়ানমারের সাবেক সেনাশাসক থান শোয়ে। একসময়ের ‘প্রতিপক্ষ’ সু চিকে দেশের ‘ভবিষ্যৎ নেতা’ হিসেবে আখ্যায়িত করেছেন তিনি। খবর বিবিসির।
মিয়ানমারের সাবেক এ জেনারেলের নাতি নে শোয়ে থয়ে অং ওই তথ্য জানিয়ে বলেন, গত শুক্রবার এক গোপন বৈঠকে সু চিকে সমর্থন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন থান শোয়ে। থয়ে অং বৈঠক আয়োজনে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেন। সামাজিক যোগাযোগের জনপ্রিয় মাধ্যম ফেসবুকে এক লেখায় অং বলেন, বৈঠকটি দীর্ঘ আড়াই ঘণ্টা ধরে চলে।
বৈঠকে দেওয়া থান শোয়ের বক্তব্য উদ্ধৃত করে নাতি থয়ে অং বলেন, ‘এটাই সত্যি, তিনিই (সু চি) দেশের ভবিষ্যৎ নেতা। আর আমি তাঁকে সর্বাত্মকভাবে সমর্থন করব।’
সেনাবাহিনীর প্রণীত বর্তমান সংবিধান অনুযায়ী সন্তান ও প্রয়াত স্বামী বিদেশি নাগরিক হওয়ায় দেশের প্রেসিডেন্ট হতে পারবেন না সু চি। সংবিধানের এই বাধা দূর করতে সহায়তার কোনো প্রতিশ্রুতি থান শোয়ের এই মন্তব্যে রয়েছে কি না, তা স্পষ্ট নয়।
গত অক্টোবরে অনুষ্ঠিত মিয়ানমারের ঐতিহাসিক সাধারণ নির্বাচনে সেনা-সমর্থিত ক্ষমতাসীন দলের ভরাডুবি ঘটিয়ে সু চির বিরোধী দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) জয়ী হয়েছে। দেশটিতে গত ২৫ বছরের মধ্যে এটাই ছিল সত্যিকার অর্থে গণতান্ত্রিক নির্বাচন।
২০১১ সালে পদত্যাগের আগ পর্যন্ত জেনারেল থান শোয়ে মিয়ানমারের সামরিক সরকারের নেতৃত্ব দিয়েছেন। বর্তমান সেনা-সমর্থিত সরকারেও রয়েছে তাঁর যথেষ্ট প্রভাব।
আগামী ফেব্রুয়ারি মাসের দিকে মিয়ানমারে নতুন সরকার গঠিত হওয়ার কথা। একে সামনে রেখে গত সপ্তাহে দেশটির রাজনীতিতে গুরুত্বপূর্ণ সব পক্ষের নেতাদের একটি বৈঠক হয়েছে। বৈঠকে আলোচনার মূল বিষয় ছিল প্রেসিডেন্ট কে হবেন সে বিষয়টি। ইতিপূর্বে সু চি বলেছেন, তিনি প্রেসিডেন্ট পদের ওপরে থাকবেন। বিজয়ী দলের নেতা হিসেবে তিনিই সব সিদ্ধান্ত নেবেন।