সাবেক প্রেসিডেন্ট রাফসানজানি আর নেই
ইরানের সাবেক প্রেসিডেন্ট আকবর হাশেমি রাফসানজানি (৮২) গতকাল রোববার মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে দেশটির সংবাদ সংস্থা ফার্স।
রাফসানজানির আত্মীয় হোসেন মারাশির জানান, হৃদ্রোগে আক্রান্ত হওয়ার পর রাফসানজানিকে রাজধানী তেহরানের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘণ্টা খানেক পর তিনি মারা যান। শোকের অংশ হিসেবে রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলগুলো স্ক্রিনের কোনায় কালো ব্যানার সংযুক্ত করেছে।
ইরানে ১৯৭৯ সালে ইসলামিক বিপ্লবের সময় অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র ছিলেন রাফসানজানি। ১৯৮৯ সাল থেকে ১৯৯৭ সাল পর্যন্ত তিনি প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন।
বিবিসি জানিয়েছে, ইরানের বর্তমান প্রেসিডেন্ট হাসান রুহানির সঙ্গে রাফসানজানির উষ্ণ সম্পর্ক ছিল।
এএফপি জানায়, ইরানে ইসলামিক রিপাবলিকের প্রতিষ্ঠাতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির আস্থাভাজন রাফসানজানি ১৯৮৯ সাল পর্যন্ত পরপর দুই মেয়াদে পার্লামেন্টের স্পিকারের দায়িত্ব পালন করেন। ইরান-ইরাক যুদ্ধের পরপরই শুরু হওয়া রাফসানজানির শাসনামলকে প্রতিবেশী আরব রাষ্ট্রগুলোর সঙ্গে ইরানের সম্পর্কের পুনর্গঠন, সংস্কার ও মেরামতের সময় বলে উল্লেখ করা হয়।