সাবেক সরকারের কর্মকর্তাসহ অনেককে হত্যা করেছে তালেবান: জাতিসংঘ

টহলরত তালেবান সদস্যরাফাইল ছবি: রয়টার্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক আফগান সরকারের অনেক কর্মকর্তা, নিরাপত্তা বাহিনীর সদস্য, আন্তর্জাতিক সামরিক জোটের সঙ্গে কাজ করা লোকজনকে তালেবান ও তার সহযোগীরা হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। মার্কিন সেনারা আফগানিস্তান ছাড়ার পর এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। জাতিসংঘের একটি প্রতিবেদনের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এসব তথ্য দিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গত বছরের মধ্য আগস্টে ক্ষমতায় আসার পর তালেবানের পক্ষ থেকে সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়। কিন্তু তা সত্ত্বেও সাবেক আফগান সরকারের কর্মকর্তা, নিরাপত্তা বাহিনীর সদস্য, আন্তর্জাতিক সামরিক জোটের হয়ে কাজ করা ব্যক্তিদের হত্যা, গুম, নির্যাতন চালাচ্ছে তালেবান। জাতিসংঘ মিশন এ ব্যাপারে প্রতিনিয়ত বিশ্বাসযোগ্য অভিযোগ পাচ্ছে।

২০২১ সালের ১৫ আগস্ট আফগানিস্তানের রাষ্ট্রক্ষমতা দখল করে তালেবান। এরপর শতাধিক সাবেক সরকারি কর্মকর্তা, সেনা সদস্যসহ অন্যদের হত্যার বিষয়ে বিশ্বাসযোগ্য প্রমাণ পেয়েছে জাতিসংঘ। এর মধ্যে দুই-তৃতীয়াংশ ব্যক্তিকে হত্যার অভিযোগ উঠেছে তালেবান ও তাদের সহযোগীদের বিরুদ্ধে।

এ ছাড়া ইসলামিক স্টেটের (আইএস) স্থানীয় শাখার অন্তত ৫০ জন সন্দেহভাজন ব্যক্তিকে বিচারবহির্ভূতভাবে হত্যার বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়ার কথা জানানো হয়েছে প্রতিবেদনটিতে।

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস প্রতিবেদনটি নিরাপত্তা পরিষদে পাঠিয়েছেন। প্রতিবেদন অনুযায়ী, তালেবান রাষ্ট্রক্ষমতায় আসার পর আফগানিস্তানের প্রায় চার কোটি মানুষের জীবন-জীবিকার আরও অবনতি ঘটেছে।

প্রতিবেদনটিতে জাতিসংঘের মহাসচিব বলেছেন, দেশটির জটিল সামাজিক ও অর্থনৈতিক ব্যবস্থা সম্পূর্ণ ধসে পড়ছে।

তালেবান ক্ষমতায় আসার পর বিভিন্ন দেশ ও দাতারা আফগানিস্তানে আর্থিক সহায়তা বন্ধ করে দেয়। এ কারণে দেশটি চরম মানবিক ও অর্থনৈতিক সংকটের মুখে পড়েছে। এ সংকট নিয়ে একাধিকবার সতর্ক করেছে জাতিসংঘ। জাতিসংঘের এ প্রতিবেদনে দেশটির সব শেষ পরিস্থিতি উঠে এল।

আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি মোকাবিলায় দেশটিতে জাতিসংঘ মিশনের পুনর্গঠনের অনুমোদন দিতে নিরাপত্তা পরিষদের কাছে সুপারিশ করেছেন গুতেরেস। এর মধ্যে আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য নতুন করে একটি ইউনিট গঠনের বিষয়ও রয়েছে।