ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাওয়ে প্রেসিডেন্টের জারি করা সামরিক আইনের বৈধতা দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। গতকাল মঙ্গলবার সর্বোচ্চ আদালতের মুখপাত্র থিওডর টি বৈধতা দেওয়ার এ খবর জানান।
ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের ক্রমাগত হুমকির কারণে গত ২৩ মে মিন্দানাও অঞ্চলে সামরিক আইন জারি করেন প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে। এ অঞ্চলে প্রায় দুই কোটি লোকের বাস। সেখানে সশস্ত্র বন্দুকধারীদের হামলার পর সামরিক আইন জারির তাৎক্ষণিক সিদ্ধান্ত নেন প্রেসিডেন্ট। হামলাকারীরা আইএসের অনুগত বলে জানা গেছে।
দক্ষিণাঞ্চলের মারাবি শহরে জঙ্গিরা তাণ্ডব চালিয়ে পাঁচজন সেনা সদস্যকে হত্যা এবং একজন ধর্মযাজক ও কয়েকজন ব্যক্তিকে জিম্মি করার কয়েক ঘণ্টার মধ্যে মিন্দানাও অঞ্চলে সামরিক আইন জারির ঘোষণা দেন প্রেসিডেন্ট। তাণ্ডব চলাকালে কয়েকটি ভবনে আগুন ধরিয়ে দেওয়া হয় এবং সেখানে আইএসের কালো পতাকা ওড়ানো হয়।