সামরিক বাহিনীর 'ব্যর্থতায়' হতাশ ইসরায়েলিরা
ইসরায়েলের দেওয়া তথ্য অনুযায়ী, গাজা অভিযানে তাদের ৬৪ সেনা প্রাণ হারিয়েছে। ‘এত সেনার’ প্রাণহানিকে একধরনের ব্যর্থতা বলে মনে করছে সাধারণ ইসরায়েলিরা। খবর টাইম সাময়িকীর।
তুলনামূলকভাবে ছোট হলেও অতি দক্ষ ইসরায়েলি সামরিক বাহিনী কতটা ধ্বংসাত্মক হতে পারে তা তারা ১৯৬৭ সালের আরব-ইসরায়েল যুদ্ধের সময় থেকেই দেখিয়ে আসছে। ১৯৮১ সালে ইরাকের পারমাণবিক প্রকল্পে হামলা ও ২০০৭ সালে সিরিয়ায় হামলা চালিয়ে ইসরায়েলি বাহিনী তার গোয়েন্দা ও কৌশলগত দক্ষতা দেখিয়েছে।
ফিলিস্তিনিদের সঙ্গে সংঘাতে শক্তিশালী ইসরায়েলি বাহিনীর হতাহতের সংখ্যা সব সময়ই নগণ্য। গাজায় ২০০৮ সালের অভিযানের সময় মাত্র ১০ জন ইসরায়েলি সেনা প্রাণ হারায়। সেই তুলনায় এবার ৬৪ সেনা নিহত হওয়ার ঘটনা ইসরায়েলের কাছে বেশ বড় ধাক্কা হয়েই এসেছে। প্রভাবশালী ইসরায়েলি দৈনিক হারেৎজ লিখেছে, এবারের গাজা অভিযানে ‘ইসরায়েলি বাহিনীর যুদ্ধের প্রস্তুতি ও ব্যবস্থাপনায় ঘাটতি প্রকাশ পেয়েছে’।
ইসরায়েলের পার্লামেন্ট নেসেটের পররাষ্ট্র ও প্রতিরক্ষাবিষয়ক কমিটির চেয়ারম্যান গাজা অভিযানে সেনা সদস্যদের প্রাণহানির ঘটনায় ‘সামরিক ও কূটনৈতিক ব্যর্থতা’ তদন্ত করে দেখার অঙ্গীকার করেছেন। গত মাসে একটি সাঁজোয়া যানে ক্ষেপণাস্ত্র হামলায় একসঙ্গে সাত সেনা নিহত হয়। সেটা সাঁজোয়া যানের দুর্বলতা কি না তা গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হবে বলে জানানো হয়।
২০০৬ সালে লেবাননের দক্ষিণাঞ্চলে কট্টরপন্থী শিয়া বাহিনী হিজবুল্লাহর সঙ্গে লড়াই করে ইসরায়েলি বাহিনী। ওই সময় হিজবুল্লাহর সঙ্গে যোগ দেওয়া ইরানের শিয়া গেরিলারা আধুনিক কৌশল ও অস্ত্র ব্যবহার করে ইসরায়েলি সেনাদের বিস্মিত করেছিল। এটা ইসরায়েলি বাহিনীর আধুনিক রণকৌশল না নেওয়ার ফল বলে মনে করেন কোনো কোনো সামরিক বিশ্লেষক।