ইয়েমেনের ক্ষমতা দখলকারী শিয়া হুতি মিলিশিয়াদের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিতে উপসাগরীয় আরব দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট আবেদরাব্বো মানসুর হাদি। দেশটির পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ ইয়াসিন গত সোমবার এ কথা জানিয়েছেন। হাদিকে রক্ষায় উপসাগরীয় আরব দেশগুলো পদক্ষেপ নেবে বলে জানিয়েছে সৌদি আরব। খবর এএফপি ও রয়টার্সের।
২০১২ সালে অন্তর্বর্তী প্রেসিডেন্ট হওয়া হাদির নিরাপত্তা বাহিনী সাম্প্রতিক সময়ে ইরান-সমর্থিত হুতি মিলিশিয়াদের হাতে শোচনীয়ভাবে পরাজিত হয়েছে। হুতি যোদ্ধারা এখন হাদি যেখানে আশ্রয় নিয়েছেন, সেই দক্ষিণাঞ্চলীয় বন্দর শহর এডেনের দিকে অগ্রসর হচ্ছে। এডেন থেকেই এখন সরকার চালাচ্ছেন হাদি।
ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ ইয়াসিন সোমবার সৌদি মালিকানাধীন এক টেলিভিশন চ্যানেলকে বলেন, প্রেসিডেন্ট হাদি ইয়েমেনে সামরিক হস্তক্ষেপ করতে উপসাগরীয় সহযোগিতা পরিষদকে (জিসিসি) অনুরোধ করেছেন। এডেনে হাদির বাসভবনের কাছে সন্দেহভাজন হুতি বিমান হামলার পর জিসিসির কাছে ওই অনুরোধ করা হয়েছে। ‘ইরানি নিয়ন্ত্রণ থেকে ইয়েমেনি নাগরিকদের রক্ষায় সব ধরনের ব্যবস্থা নিতে’ হাদি জাতিসংঘকেও অনুরোধ করেছেন বলে জানান পররাষ্ট্রমন্ত্রী ইয়াসিন।
ইয়েমেনের উত্তরাঞ্চলভিত্তিক হুতিরা গত সেপ্টেম্বরে রাজধানী সানা দখল করে। এ ঘটনাকে ইরান-সমর্থিত অভ্যুত্থান হিসেবে দেখে থাকে সৌদি আরবসহ আঞ্চলিক আরব দেশগুলো। সৌদি পররাষ্ট্রমন্ত্রী সোমবার সতর্ক করে দিয়ে বলেন, ইরান ‘সাম্প্রদায়িকতার বীজ বপন’ করার চেষ্টা করছে। উপসাগরীয় দেশগুলো তা বরদাশত করবে না। সৌদি মন্ত্রী বলেন, ‘এই সমস্যার শান্তিপূর্ণভাবে সমাধান না হলে আমরা তাদের আগ্রাসন মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ নেব।’
সমাধানের আশা যুক্তরাষ্ট্রের: ইয়েমেনে মার্কিন রাষ্ট্রদূত ম্যাথিউ টুয়েলার বলেছেন, দেশটির প্রতিদ্বন্দ্বী গ্রুপগুলো ক্ষমতা ভাগাভাগির চুক্তিতে পৌঁছাতে পারবে বলে তাঁর বিশ্বাস। এ জন্য তাদের প্রতিনিধিদের দেশের বাইরে কোথাও সংলাপে বসতে হবে।
মধ্যাঞ্চলে সংঘর্ষ: ইয়েমেনের দক্ষিণ দিকে হাজার হাজার যোদ্ধা পাঠিয়েছে হুতিরা। তারা মধ্যাঞ্চলীয় বাইদা প্রদেশে গেলে সোমবার রাতে স্থানীয় সুন্নি উপজাতি যোদ্ধাদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ হয়েছে। এতে নয় উপজাতি এবং ১৫ হুতি যোদ্ধাসহ অন্তত ৩০ জনের প্রাণহানি হয়েছে বলে জানিয়েছে উপজাতি সূত্রগুলো।
আইএসের হামলায় ২৯ পুলিশ নিহত: ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় লাজ প্রদেশে সোমবার এক হামলায় ২৯ পুলিশ সদস্য নিহত হয়েছেন। জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) এ হামলার দায় স্বীকার করেছে।