চীনের সঙ্গে ভূখণ্ডগত বিরোধ এবং উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ও পরমাণু হুমকির প্রেক্ষাপটে সামরিক বাজেট রেকর্ড পরিমাণ বাড়ানোর ঘোষণা দিয়েছে জাপান। দেশটির প্রধানমন্ত্রী শিনজো আবে গতকাল বৃহস্পতিবার বাজেট বাড়ানোর এ পরিকল্পনা অনুমোদন করেছেন। এই নিয়ে টানা পঞ্চমবারের মতো সামরিক ব্যয় বাড়াচ্ছে জাপান।
জাপানের মন্ত্রিসভা বর্ধিত সামরিক বাজেটের প্রস্তাব অনুমোদন করেছে। এখন পার্লামেন্টের অনুমোদন বাকি আছে বাজেট কার্যকর করার জন্য। পর্যবেক্ষকেরা মনে করছেন তার জন্য বেশি বেগ পেতে হবে না।
নতুন পরিকল্পনা অনুযায়ী ২০১৭ অর্থবছরে জাপান সামরিক খাতে ৯৭ দশমিক ৪৬ ট্রিলিয়ন ইয়েন ব্যয় করবে। আগামী বছরের ১ এপ্রিল থেকে এই ব্যয় শুরু হবে। আগের অর্থবছরের তুলনায় ৫ দশমিক ১৩ ট্রিলিয়ন ইয়েন (৪৩ দশমিক ৬ বিলিয়ন ডলার) সামরিক ব্যয় বাড়ানো হবে। বৃদ্ধির হার প্রায় দেড় শতাংশ।
মূলত যুদ্ধবিমান ও সাবমেরিনের জন্যই সামরিক ব্যয় বাড়ানো হচ্ছে বলে জানিয়েছেন জাপানের কর্মকর্তারা। এ ছাড়া বৈরী প্রতিবেশী উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে উত্তেজনার পরিপ্রেক্ষিতে নিজ ভূখণ্ডের নিরাপত্তার জন্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থার আধুনিকায়নের পরিকল্পনা রয়েছে জাপানের।
সামরিক বাজেটের পাশাপাশি উপকূলরক্ষী বাহিনীর জন্যও বাজেটের আকার বাড়ানো হচ্ছে ব্যাপক আকারে। পূর্ব চীন সাগরে চীনের সামরিক উপস্থিতি বেড়ে যাওয়ার ফলে জাপান নিজ উপকূলরক্ষী বাহিনীকে আরও শক্তিশালী করার উদ্যোগ নিয়েছে। নতুন অর্থবছরে উপকূলরক্ষী বাহিনীর জন্য ২১০ বিলিয়ন ইয়েন (১ দশমিক ৮ বিলিয়ন ডলার) ব্যয় করা হবে, যা আগের বছরও ছিল ১৮৭ দশমিক ৭ বিলিয়ন ইয়েন। উপকূলরক্ষী বাহিনীর জন্য আরও পাঁচটি টহল জাহাজ ও নতুন ২০০ সদস্য বৃদ্ধির প্রস্তাব রয়েছে।
পূর্ব চীন সাগরে জনবসতিহীন দ্বীপগুলো ঘিরে চীন ও জাপান দুই দেশই টহল বাড়িয়েছে। চীনের যুদ্ধজাহাজগুলো সেখানে নিয়মিত টহল দিচ্ছে। জাপান-নিয়ন্ত্রিত এসব দ্বীপের মালিকানা দাবি করে চীন।
সামরিক ব্যয়ের পাশাপাশি সামাজিক নিরাপত্তা বাজেট বাড়ছে জাপানে। প্রতিরক্ষা ব্যয় বৃদ্ধি অব্যাহত থাকার ফলে জাপানের ঘাড়ে ঋণের বোঝা বাড়তে পারে।
দ্বিতীয় বিশ্বযুদ্ধে পরাজয়ের জেরসহ বিভিন্ন কারণে দীর্ঘদিন জাপান প্রতিরক্ষা ব্যয় সংকোচনের নীতি অনুসরণ করেছে। তবে ২০১২ সালে শিনজো আবে ক্ষমতায় আসার পর থেকে প্রতিবছর সামরিক ব্যয় বাড়াচ্ছেন। এ নিয়ে দেশটির অনেকে ক্ষুব্ধ। কিন্তু প্রতিরক্ষা ব্যয় নিয়মিত বাড়ানো হচ্ছে।