সামরিক স্থাপনা পরিদর্শনের সুযোগ দিতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরমাণু কর্মসূচি নিয়ে ছয় পরাশক্তির প্রস্তাবিত চুক্তি সই করলে ইরানকে তাদের সামরিক স্থাপনাগুলো পরিদর্শনের সুযোগ দিতে হবে। জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষক সংস্থা আইএইএর প্রধান ইউকিয়া আমানো এক সাক্ষাৎকারে এ কথা বলেছেন। খবর এএফপির।
ফ্রান্সও ইরানের সামরিক ক্ষেত্রগুলোতে প্রবেশাধিকারের দাবি জানিয়েছে। তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ গতকাল বৃহস্পতিবার বলেছেন, সমঝোতার অংশীদারদের ‘অতিরিক্ত দাবিদাওয়ার’ ব্যাপারে সংযত হতে হবে।
ইরানের সামরিক স্থাপনাগুলো পরিদর্শন অথবা সেখানকার পরমাণুবিজ্ঞানীদের জিজ্ঞাসাবাদ করতে বিদেশিদের সুযোগ দেওয়ার সম্ভাবনা দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি গত সপ্তাহে নাকচ করে দেন।
ইরানের সঙ্গে আলোচনারত ছয় পরাশক্তি হচ্ছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী পাঁচ সদস্য যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, চীন ও রাশিয়া এবং জার্মানি। প্রাথমিক সমঝোতা হওয়ার পর তাদের এখনকার লক্ষ্য ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি করা থেকে বিরত রাখতে ৩০ জুনের মধ্যে চুক্তি সম্পাদন করা। তবে সমঝোতার আলোচনায় ইরানের প্রতিনিধি আব্বাস আরাকচি রাষ্ট্রীয় টেলিভিশনে বুধবার বলেছেন, ছয় পরাশক্তির সঙ্গে আলোচনার সময়সীমা ৩০ জুন ছাড়িয়ে যেতে পারে।
ইরানি পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ বর্তমানে গ্রিস সফরে রয়েছেন। তিনি গতকাল এথেন্সে বলেন, যৌক্তিক সময়ের মধ্যেই পারমাণবিক চুক্তি চূড়ান্ত হবে বলে তাঁর প্রত্যাশা। জারিফ বলেন, অপর পক্ষ যদি লুসানে অনুষ্ঠিত সমঝোতাকে মর্যাদা দেয় এবং পারস্পরিক সম্মানের ভিত্তিতে চুক্তির খসড়া প্রণয়ন করে, সেটা টেকসই হবে। তাহলে ইরানও সময়সীমা মেনে চলতে পারবে।