আফগানিস্তানে মার্কিন নেতৃত্বাধীন সামরিক অভিযান ১৩ বছরেরও বেশি সময় চলার পর চলতি সপ্তাহে তা শেষ করা হয়েছে। কাবুলে আন্তর্জাতিক বাহিনীর (আইএসএএফ) সদর দপ্তর থেকে পতাকা নামিয়ে আনুষ্ঠানিকভাবে অভিযান শেষ করা হয়। যদিও আফগান বাহিনীকে প্রশিক্ষণ দেওয়ার জন্য কয়েক হাজার সেনা দেশটিতে আরও সম্ভবত কয়েক বছর থেকে যাবে।
মার্কিন অভিযান শেষের ঘোষণা দেওয়ার প্রেক্ষাপটে প্রশ্ন উঠেছে, এই অভিযানের ফল কী হলো? ভবিষ্যৎ আফগানিস্তানই বা কেমন হবে?
আফগানিস্তানে মার্কিন অভিযান শুরুর পর থেকে ২০১১ সালে দেশটিতে সবচেয়ে বেশিসংখ্যক বিদেশি সেনার উপস্থিতি ছিল। সে সংখ্যা ছিল এক লাখ ৪০ হাজার। এর দুই-তৃতীয়াংশই ছিল মার্কিন সেনা। বর্তমানে সেই সেনার সংখ্যা ১৩ হাজারের কাছাকাছি নেমে এসেছে। পাশাপাশি আফগানিস্তানে জঙ্গি হামলা বেড়ে গেছে। এসব হামলাই স্পষ্ট বার্তা দিচ্ছে, মার্কিন নেতৃত্বাধীন অভিযানে তালেবানকে অন্তত সামরিকভাবে পরাজিত করা যায়নি।
গত মাসে আফগানিস্তানের রাজধানী কাবুলেই অন্তত ১২টি আত্মঘাতী হামলা চালানো হয়েছে। আর চলতি বছর দেশটিতে বিভিন্ন ধরনের জঙ্গি হামলায় চার হাজার ৬০০ মানুষ নিহত হয়েছে। যা ২০১৩ সালের তুলনায় সাড়ে ৬ শতাংশ বেশি। সামনে হামলা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। কারণ ইতিমধ্যে প্রমাণ হয়ে গেছে, আফগান জাতীয় সেনাবাহিনীর তিন লাখ ৪০ হাজার সেনা কোনোভাবেই হামলা ঠেকাতে পারছে না। আর মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ঘোষণা দিয়েছেন, ২০১৬ সালের পর আফগানিস্তানে কোনো মার্কিন সেনা থাকবে না।
কোনো কোনো বিশ্লেষক অবশ্য মনে করছেন, আফগানিস্তানে জঙ্গি হামলা বেড়ে যাওয়ার কারণ শুধু বিদেশি সেনা প্রত্যাহারই নয়; দেশটির রাজনৈতিক অস্থিতিশীলতাও জঙ্গিদের আবার শক্তিশালী হয়ে ওঠার কারণ। প্রেসিডেন্ট নির্বাচনের ফল নিয়ে প্রধান দুই প্রতিদ্বন্দ্বীর মুখোমুখি অবস্থানের পর মার্কিন হস্তক্ষেপে একজন প্রেসিডেন্ট ও অপরজন প্রধানমন্ত্রী পদ নিতে সম্মত হন। কিন্তু দায়িত্ব নেওয়ার দুই মাস পেরিয়ে গেলেও তাঁরা পূর্ণাঙ্গ একটি মন্ত্রিসভা গঠন করতে পারেননি।
রাজনৈতিক বিশ্লেষক ও আফগান আইনপ্রণেতা গোলাম হুসাইন নাসিরি বলেন, প্রেসিডেন্ট আশরাফ গনি গত সেপ্টেম্বরে দায়িত্ব নিয়েছেন। কিন্তু এখন পর্যন্ত পূর্ণাঙ্গ একটি মন্ত্রিসভা হয়নি। এটা সরকারের ব্যর্থতা। তালেবানকে আরও শক্তিশালী হয়ে উঠতে সহায়তা করছে তা।
তবে তালেবানকে সামরিকভাবে পরাজিত করা না গেলেও রাজনৈতিকভাবে নিশ্চিহ্ন করা সম্ভব হয়েছে বলে মনে করেন বিশ্লেষকেরা। চলতি বছরের শুরুতে দুই দফায় প্রেসিডেন্ট নির্বাচনে ব্যাপক ভোটার উপস্থিতি দেখা গেছে। নারী ভোটারদের উপস্থিতিও ছিল লক্ষণীয়। তালেবানের হুমকি ও হামলা উপেক্ষা করে জনগণ ভোট দিয়েছেন। যেটা তালেবানের রাজনৈতিকভাবে ‘নিশ্চিহ্ন হওয়ার’ বড় প্রমাণ।
আর প্রেসিডেন্ট নির্বাচনের পর আফগানিস্তানে তালেবানবিরোধী রাজনৈতিক ঐক্যও প্রতিষ্ঠিত হয়েছে। নির্বাচনের দুই প্রধান প্রতিদ্বন্দ্বীর মধ্যে আশরাফ গনি এখন প্রেসিডেন্ট, আর আবদুল্লাহ আবদুল্লাহ প্রধানমন্ত্রী। তাঁরা একসঙ্গে কাজ করার ঘোষণা দিয়েছেন। তাঁদের সঙ্গে থাকার ঘোষণা দিয়েছেন সাবেক আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাইও। এই ঐক্য রাজনৈতিকভাবে তালেবানকে প্রান্তিক অবস্থানে ঠেলে দিতে সক্ষম। তবে গনি-আবদুল্লাহ ঐক্য কত দিন টিকবে তা প্রশ্নসাপেক্ষ।