সামাজিক সচেতনতায় নেমে হাজতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যৌন হয়রানি ও পারিবারিক সহিংসতার বিরুদ্ধে বিয়ের পোশাক পরে প্রতিবাদ জানিয়েছেন ১০ জন নারী। তাঁদের পোশাকে ছিল লাল রং, যা ছিল নির্যাতনে নারীর দুর্দশার প্রতীকী। ছবি: বিবিসির সৌজন্যে
যৌন হয়রানি ও পারিবারিক সহিংসতার বিরুদ্ধে বিয়ের পোশাক পরে প্রতিবাদ জানিয়েছেন ১০ জন নারী। তাঁদের পোশাকে ছিল লাল রং, যা ছিল নির্যাতনে নারীর দুর্দশার প্রতীকী। ছবি: বিবিসির সৌজন্যে

তাঁরা নেমেছিলেন জনসচেতনতায়। হুট করে বিভিন্ন স্থানে গিয়ে চমক দিতেন তাঁরা। চালাতেন যৌন হয়রানি ও পারিবারিক সহিংসতার বিরুদ্ধে প্রচার। দেখা গেল, কোথাও বিয়ের পোশাকে হাজির, পোশাকে নির্যাতনের লাল চিহ্ন। এভাবে রীতিমতো গেরিলা ধাঁচে বার বার এ কাজ করে যাচ্ছিলেন তাঁরা। কিন্তু বাদ সাধল পুলিশ। নারীবাদী এই দলের ১০ সদস্যকে ধরে হাজতে পুরে দিল তাঁরা। 

গত ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসে গণপরিবহন ও পাতাল রেলপথে প্রচারপত্র ও স্টিকার বিতরণের পরিকল্পনা ছিল তাঁদের। কিন্তু পুলিশ তা করতে দেয়নি। 

প্রায় এক মাস পর কারাগার থেকে পাঁচজন ছাড়া পেলেও অন্যরা এখনো বন্দী। তাঁদের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনা হতে পারে। এ অভিযোগ প্রমাণিত হলে তাঁদের পাঁচ বছরের কারাদণ্ডাদেশ হতে পারে।

বন্দী মধ্যে দুজনের শারীরিক অবস্থা অবনতির দিকে যাচ্ছে। তাঁরা হৃৎপিণ্ড ও যকৃতের দীর্ঘস্থায়ী রোগে ভুগছেন। তাঁদের কারা হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁদের আইনজীবী জানান, তাঁদের স্বাস্থ্যের বেশি অবনতি ঘটেছে। 

মুক্তি পাওয়া একজন নাম প্রকাশ না করে বিবিসিকে বলেন, ‘প্রথম দিকে আমি খুব ভয় পেয়েছিলাম। তবে এখন মনে হচ্ছে আমি অর্থপূর্ণ কিছু করেছি। কিন্তু অন্যদের কী হবে, তা নিয়ে এখন চিন্তিত। যদি তাঁদের কারাদণ্ড দেওয়া হয়, তাহলে আমাদের আন্দোলন কর্মসূচি বড় ধরনের হোঁচট খাবে।’ আবার আন্দোলনে নামার বিষয়ে তিনি বলেন, ‘এই মুহূর্তে আমি রাস্তায় বিক্ষোভ করার মতো চূড়ান্ত কিছু করতে পারব না। মনে হচ্ছে আমাদের কৌশল পরিবর্তন করতে হবে। কিন্তু আন্দোলন চলবে।’

নারীবাদী এই কর্মীদের আটকের ঘটনায় বিশ্বে সমালোচনার সৃষ্টি হয়েছে। তার পরও তাঁদের ছাড়তে নারাজ চীন সরকার।

গত সপ্তাহে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হু চুনইং বলেন, তাঁদের ছেড়ে দেওয়ার বিষয়ে চীনকে কিছু বলার অধিকার কারও নেই। চীনের বিচারিক স্বাধীনতায় কেউ হস্তক্ষেপ করবে না-এটাই তাঁদের প্রত্যাশা।

এ ঘটনাকে দেশটির মানবাধিকার সংগঠনগুলো সাম্প্রতিক সময়ে কঠোর দমনপীড়ন হিসেবে উল্লেখ করেছে। প্রেসিডেন্ট শি জিনপিং ক্ষমতায় আসার দুই বছরের মধ্যে সাংবাদিক, আইনজীবী, এনজিও কর্মী ও বিভিন্ন ক্ষেত্রের কর্মীদের কারাগারে ঢোকানোর ঘটনা ঘটেছে।