সাহায্য দিতে গিয়ে বিপাকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাপানের একটি শহরে করোনা মহামারিতে ক্ষতিগ্রস্ত নিম্ন আয়ের ৪৬৩টি পরিবারকে ১ লাখ ইয়েন করে সহায়তা দিয়েছিল শহর কর্তৃপক্ষ
ফাইল ছবি: রয়টার্স

করোনা মহামারিতে ক্ষতিগ্রস্ত নিম্ন আয়ের ৪৬৩টি পরিবারকে অর্থসহায়তা দিয়েছিল শহর কর্তৃপক্ষ। পরিবারপ্রতি সহায়তা দেওয়া হয়েছিল ১ লাখ ইয়েন (৭৬৮ মার্কিন ডলার)। কিন্তু ভুল করে একটি পরিবারকে পাঠিয়ে দেওয়া হয় অতিরিক্ত ৪ কোটি ৬৩ লাখ ইয়েন (৩ লাখ ৬০ হাজার ডলার)। ভুল বুঝতে পেরে সেই অর্থ ফেরত চায় শহর কর্তৃপক্ষ। তবে তা ফেরত দিতে কোনোভাবেই রাজি নয় পরিবারটি।

জাপানের পশ্চিমাঞ্চলীয় ইয়ামাগুচি অঞ্চলের আবু শহরে গত মাসে ঘটে এ ঘটনা। নানা চেষ্টা চালিয়েও অর্থ আদায়ে ব্যর্থ হয়ে শেষ পর্যন্ত মামলা করে শহর কর্তৃপক্ষ। গতকাল বুধবার মামলাটি করা হয়।

গত মঙ্গলবার কাউন্সিলের বৈঠকে মামলা করার সিদ্ধান্ত হয় বলে জানিয়ে শহরের একজন কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘ওই পরিবারকে সমস্যায় ফেলার জন্য আমরা দুঃখিত...এখন আমরা পরিবারটির বিরুদ্ধে মামলা করেছি।’

পরিবারটির পরিচয় অবশ্য প্রকাশ করা হয়নি। এএফপির খবরে বলা হয়, ভুল করে অতিরিক্ত অর্থ পাঠানোর পর কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে পরিবারের সঙ্গে দেখা করেন। তাঁরা জানান, ভুল করে পাঠানো অর্থ ফেরত দিতে হবে। কিন্তু তারা অর্থ ফেরত দেয়নি। এরপর অর্থ ফেরত পেতে মরিয়া চেষ্টা চালান কর্মকর্তারা। পরিবারটিকে বেশ কয়েকবার চিঠি দেওয়া হয়, করা হয় ফোন। কিন্তু অর্থ ফিরিয়ে দেওয়ার কোনো নামগন্ধ নেই।

মেয়রের প্রকাশ করা এক চিঠিতে বলা হয়, কর্তৃপক্ষ শেষবারের মতো ওই পরিবারের সঙ্গে দেখা করে। তারা তখন জানায়, এরই মধ্যে তারা অর্থ তুলে নিয়েছে এবং তারা তা ফেরত দিতে পারবে না।

জানাজানির পর ঘটনাটি উঠে আসে জাপানের গণমাধ্যমের শিরোনামে। স্থানীয় মেয়র এই ভুলের জন্য ক্ষমা চেয়ে একটি ভিডিও প্রকাশ করে ‘গভীর দুঃখ’ প্রকাশ করেছেন।