সিঙ্গাপুরে আইএস সমর্থক নারী আটক
সিঙ্গাপুরের পুলিশ জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) এক যোদ্ধাকে বিয়ে করতে সিরিয়া যাওয়ার পরিকল্পনার অভিযোগে এক নারীকে আটক করেছে। দক্ষিণ-পূর্ব এশিয়ার নগর রাষ্ট্রটিতে উগ্রপন্থার কারণে প্রথম কোনো নারীকে আটক করা হলো।
সিঙ্গাপুরের কঠোর অভ্যন্তরীণ নিরাপত্তা আইনের (আইএসএ) অধীনে শাইখা ইজ্জাহ জারাহ আল আনসারি (২২) নামের শিশুযত্ন কেন্দ্রের কর্মী ওই নারীকে আটক করা হয়।
সিঙ্গাপুরের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ‘ইজ্জাহ আইএসে যোগ দিতে চেয়েছিলেন। নিজের ছোট্ট সন্তানকে নিয়ে সিরিয়া যাওয়ার পরিকল্পনাও করেন তিনি।’ অনলাইনে প্রচারিত উগ্রবাদী মতাদর্শে অনুপ্রাণিত হয়ে ২০১৩ সাল থেকে তিনি উগ্রপন্থায় ঝোঁকেন বলে বিবৃতিতে বলা হয়েছে। এতে আরও বলা হয়, ইজ্জাহ বিয়ে করার জন্য একজন আইএস সমর্থককে খুঁজছিলেন। তিনি আইএসের মতাদর্শী বিভিন্ন বিষয়বস্তু অনলাইনে পোস্ট ও শেয়ার করতেন।
আইএসএ আইনের আওতায় ইজ্জাহকে বিনা বিচারে দুই বছর পর্যন্ত আটক রাখা যাবে।