সিঙ্গাপুরে স্থানীয় এক নারীর অমিক্রন শনাক্ত
সিঙ্গাপুরে প্রথমবারের মতো স্থানীয়ভাবে করোনার অমিক্রন ধরনে সংক্রমিত হওয়া এক ব্যক্তি শনাক্ত হয়েছেন। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার রাতে বিমানবন্দরের এক কর্মীর দেহে অমিক্রন শনাক্ত হয়। কর্তৃপক্ষ সতর্ক করে বলেছে, সিঙ্গাপুরে আরও অমিক্রন আক্রান্ত ব্যক্তি শনাক্ত হতে পারেন। খবর রয়টার্সের।
সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, বৃহস্পতিবার যে তরুণীর শরীরে অমিক্রন শনাক্ত হয়েছে, তাঁর বয়স ২৪ বছর। তিনি বিমানবন্দরে সেবামূলক কাজে নিয়োজিত। স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃপক্ষের ধারণা, অমিক্রন আক্রান্ত দেশ থেকে আসা যাত্রীদের ট্রানজিটের সময় বিমানবন্দরের ওই কর্মী আক্রান্ত হন।
ফ্রন্টলাইন কর্মীদের নিয়মিত পরীক্ষার অংশ হিসেবে ওই নারীর করোনা পরীক্ষা করা হয়েছিল। পরীক্ষায় অমিক্রন শনাক্ত হয় তাঁর। বিবৃতিতে আরও বলা হয়েছে, আক্রান্ত নারী টিকার পূর্ণ ডোজ নিয়েছিলেন এবং তাঁর কোনো উপসর্গ ছিল না।
এর আগে সিঙ্গাপুরে তিনজন অমিক্রন আক্রান্ত শনাক্ত হলেও তাঁরা সবাই বিদেশফেরত ছিলেন। দেশটিতে স্থানীয়ভাবে সংক্রমণের ঘটনা এটিই প্রথম।
সিঙ্গাপুরে মোট জনসংখ্যার ৯৬ শতাংশকে টিকা দেওয়ার কাজ শেষ হয়েছে। করোনার অমিক্রন ধরনকে কেন্দ্র করে জনগণকে টিকার বুস্টার ডোজ নেওয়ার জন্য আহ্বান জানিয়ে যাচ্ছে দেশটি। সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, মঙ্গলবার জার্মানিফেরত যে ব্যক্তির অমিক্রন শনাক্ত হয়েছে, তিনি এবং বিমানবন্দরের কর্মী দুজনই টিকার বুস্টার ডোজ নিয়েছিলেন।
সামনের দিনগুলোতে সিঙ্গাপুরে আরও অমিক্রন আক্রান্ত শনাক্ত হওয়ার আশঙ্কা করছে স্বাস্থ্য মন্ত্রণালয়। তারা বলছে, অমিক্রনের উচ্চ সংক্রমণক্ষমতা এবং বিভিন্ন দেশে এ ধরন ছড়িয়ে পড়ার কারণে সিঙ্গাপুর সীমান্তে আরও আক্রান্ত শনাক্ত হতে পারেন। স্থানীয়ভাবেও এর আরও সংক্রমণ শনাক্ত হতে পারে।