সিঙ্গাপুরের রাষ্ট্রনায়কের প্রয়াণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লি কুয়ান ইউ
লি কুয়ান ইউ

ক্ষুদ্র নগররাষ্ট্র সিঙ্গাপুরের প্রতিষ্ঠাতা লি কুয়ান ইউ আর নেই। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সোমবার তিনি মারা যান। তাঁর বয়স হয়েছিল ৯১ বছর। খবর বিবিসির।
দেশের প্রতিষ্ঠাতার মৃত্যুতে সিঙ্গাপুরে সাত দিনের জাতীয় শোক ঘোষণা করা হয়েছে। আন্তর্জাতিক অঙ্গনেও নেমে এসেছে শোকের ছায়া। একটি ছোট বন্দরনগর সিঙ্গাপুরকে এশিয়ার অন্যতম সমৃদ্ধ অর্থনীতির দেশে রূপান্তর এবং এর আধুনিকায়নে লি কুয়ান ইউয়ের অবদান বিশাল। তবে একই সঙ্গে দীর্ঘদিন ক্ষমতা আঁকড়ে থাকা ও কর্তৃত্ববাদী শাসনের জন্য তিনি সমালোচিতও হয়েছেন।
কুয়ান ইউ গত ৫ ফেব্রুয়ারি থেকে চিকিৎসাধীন ছিলেন। তাঁকে কৃত্রিম শ্বাস-প্রশ্বাস দিয়ে বাঁচিয়ে রাখা হয়েছিল। তাঁর ছেলে লি সিয়েন লুংই বর্তমানে সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী।
লি কুয়ান ইউ ১৯৫৯ থেকে ১৯৯০ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী ছিলেন। সিঙ্গাপুর ১৯৫৯ সালে যুক্তরাজ্যের কাছ থেকে স্বায়ত্তশাসন অর্জন করে। ১৯৬৫ সালে তাঁর নেতৃত্বেই স্বাধীন হয় সিঙ্গাপুর। তাঁর মৃত্যুতে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ বিশ্বনেতারা শোক প্রকাশ করে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন।